টুলু মণ্ডলের বিঘার পর বিঘা জমির বাগানবাড়ি থেকে পাচার হচ্ছিল নথি, কী কাজ চলত এখানে? তদন্তে পুলিশ
News18 বাংলা | ৩১ জুলাই ২০২৬
বীরভূমে একের পর এক সম্পত্তির হদিশ টুলু মণ্ডলের। শিউড়িতে বিঘার পর বিঘা জমি নিয়ে তৈরি এই বিশাল বাগানবাড়ি। রয়েছে আমবাগান, কাঁঠালবাগান থেকে শুরু করে বড় পুকুর। বাগানবাড়ির ভিতরে রয়েছে এয়ার কন্ডিশনার রুম।
এই বাগানবাড়ি থেকেই মিলেছে বিভিন্ন নথি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এই বিশাল বাগানবাড়ি? এই বাড়িতে কী ধরনের কাজ চলত? টুলু মণ্ডলের এই সম্পত্তি ঘিরে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। সিউড়িতে উদ্ধার টুলু মণ্ডলের বাগানবাড়ি। অভিযোগ, এই বাড়ি থেকেই বস্তাবন্দি নথি-সহ বিভিন্ন সামগ্রী পাচার করা হচ্ছিল। সেই ঘটনার তদন্তে এবার বাগানবাড়িতেই এলেন বীরভূম জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
যে গাড়িতে করে নথি পাচারের অভিযোগ উঠেছে, সেই গাড়িটিকেও চালক ও ম্যানেজার-সহ এখানে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই বাগানবাড়িতে শুরু হয়েছে পুলিশি তল্লাশি। এই বাগানবাড়ির ভিতরে ঠিক কী ধরনের নথি ছিল? সেই নথিগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এই বাড়ি থেকেই কি কোনও গুরুত্বপূর্ণ কাজ পরিচালিত হত? গোটা বিষয়টিই খতিয়ে দেখছেন বীরভূম জেলা পুলিশের আধিকারিকরা।
বৃহস্পতিবার আদালতের ভিতরে সরকারি পক্ষের আইনজীবী জানান, ২৩ জুলাই টুলু মণ্ডলকে শেষবার ট্র্যাক করা গিয়েছিল। তবে তারপর থেকে আর খুঁজে পাওয়া যায়নি, কোথায় আছে জানা যায়নি। বাইরে আছে। দেশের বাইরে না পশ্চিমবঙ্গের বাইরে সেই কথা উল্লেখ করেননি।
বুধবার সকাল থেকে রাত বীরভূমের মিনার মণ্ডলের বাড়ির আনাচকানাচ থেকে বেরিয়েছে থরে থরে নোট। মিনার টুলু মণ্ডলের আত্মীয়। পুলিশ সূত্রে খবর, টুলুর টাকাই মিলেছে মিনারের বাড়ি থেকে। উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের বাসচালকের চাকরি থেকে ইস্তফা দেওয়া মিনারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২৮.৫ কোটি টাকা এবং ১৫ কিলোগ্রাম সোনার বাট।