একই ফ্রেমে মহাদেব, মা কালী ও শ্রীকৃষ্ণ! ইন্দপুরের ৩ যুবকের অভিনব ভক্তিতে তাক লাগল শুশুনিয়ায়
News18 বাংলা | ৩১ জুলাই ২০২৬
: বাঁকুড়ায় শিবের তাণ্ডব নৃত্য, পাশেই রয়েছেন মা কালী এবং তার পাশে সৌম্য শান্ত শ্রীকৃষ্ণ। ব্যাকগ্রাউন্ডের শুশুনিয়া পাহাড় এবং সামনে এই তিন দেবতার মেলবন্ধন অবাক করেছে সবাইকে। শ্রাবণ মাসে শিবভক্তদের ভক্তি ও বিশ্বাসের নানা ছবি ধরা পড়ে বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে। সেই আবহেই নজর কেড়েছেন ইন্দপুরের তিন যুবক। শিব, কালী ও কৃষ্ণের রূপ ধারণ করে তাঁরা শুশুনিয়া পাহাড়ের ঝরনা থেকে পবিত্র জল সংগ্রহ করে বৃহস্পতিবার শৈবক্ষেত্রের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। আজ শুক্রবার তারা জল ঢালবেন বলে জানা যাচ্ছে। শিব সেজেছেন সঞ্জয় খাঁ, কালী রূপে অজয় বাউরী এবং কৃষ্ণের সাজে রয়েছেন মৃত্যুঞ্জয়। তাঁদের অভিনব উদ্যোগ দেখতে পথের ধারে ভিড় জমিয়েছেন বহু মানুষ।
বিশেষত্ব হল, এই সাজসজ্জার জন্য তাঁরা কোনও পেশাদার শিল্পীর সাহায্য নেননি। নিজেদের উদ্যোগেই পোশাক, রং এবং প্রসাধনের মাধ্যমে দেবদেবীর রূপ ফুটিয়ে তুলেছেন। শুশুনিয়া পাহাড়ের ঝরনা থেকে জল সংগ্রহ করার পর কাঁধে কাঁভার নিয়ে ভক্তিমূলক পরিবেশে তাঁরা যাত্রা শুরু করেন। তাঁদের দেখে অনেক ভক্তই ছবি তোলেন, আবার অনেকে শুভেচ্ছা ও উৎসাহও জানান।
প্রতিবছরের মতো এ বছরও শিবের রূপ ধারণ করেছেন সঞ্জয় খাঁ। তিনি জানান, শ্রাবণ মাসে এই বিশেষ সাজে জল নিয়ে যাওয়া তাঁর কাছে শুধুই একটি ধর্মীয় আচার নয়, বরং গভীর ভক্তির বহিঃপ্রকাশ। পথে অসংখ্য শিবভক্তের সঙ্গে দেখা হচ্ছে এবং সকলের কাছ থেকেই ভালবাসা ও উৎসাহ পাচ্ছেন। তাঁর কথায়, এই ভালবাসাই আগামী বছরগুলিতেও এমন উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।
শ্রাবণ মাসে শুশুনিয়া থেকে জল নিয়ে বিভিন্ন শৈবক্ষেত্রে যাওয়ার প্রথা বহু বছরের। সেই ঐতিহ্যের মধ্যেই ইন্দপুরের এই তিন যুবকের অভিনব উপস্থাপনা ভক্তিমূলক আবহে নতুন মাত্রা যোগ করেছে। ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি তাঁদের সৃজনশীল উদ্যোগও মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। পথচলতি মানুষ থেকে শুরু করে অন্যান্য শিবভক্ত—সকলের কাছেই এই তিন যুবকের ভক্তি, নিষ্ঠা এবং অভিনব রূপসজ্জা প্রশংসা কুড়িয়েছে।