দীর্ঘ অপেক্ষার অবসান, বরানগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্পে টেন্ডার ডাকল আরভিএনএল
দৈনিক স্টেটসম্যান | ৩১ জুলাই ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার অবসান। দীর্ঘদিন বাদে বরানগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্পে অবশেষে গতি এল। ১২ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো করিডর নির্মাণের জন্য টেন্ডার ডাকল রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)। বহু বছর ধরে আটকে থাকা এই প্রকল্পে টেন্ডার প্রক্রিয়া শুরু হওয়ায় উত্তর শহরতলির বাসিন্দাদের মধ্যে নতুন করে আশা জেগেছে।
এক দশকেরও বেশি সময় ধরে প্রকল্পটি কার্যত থমকে ছিল। প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল বি.টি. রোডের নীচে থাকা গুরুত্বপূর্ণ জল সরবরাহের পাইপলাইন। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, পালতা জল পরিশোধন কেন্দ্র থেকে টালা জলাধারে জল পৌঁছে দেওয়া পাঁচ থেকে ছয়টি বড় পাইপলাইনের মধ্যে অন্তত দু’টি, ৪২ ইঞ্চি ও ৬০ ইঞ্চি ব্যাসের পাইপ প্রস্তাবিত মেট্রো করিডরের পথে পড়ছে। ফলে নির্মাণকাজ নিয়ে জটিলতা তৈরি হয়।
এই সমস্যার সমাধানে আইআইটি খড়্গপুরের বিশেষজ্ঞদের দিয়ে বিস্তারিত সমীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো। সেই সমীক্ষার রিপোর্টের ভিত্তিতেই প্রকল্পের চূড়ান্ত নির্মাণ পরিকল্পনা ঠিক করা হবে।
এদিকে প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা আরভিএনএল ইতিমধ্যেই নির্মাণের জন্য টেন্ডার প্রকাশ করেছে। টেন্ডারের নথি অনুযায়ী, নির্বাচিত সংস্থাকে ১০টি উড়াল মেট্রো স্টেশন, ভায়াডাক্ট এবং সংশ্লিষ্ট পরিকাঠামো নির্মাণের কাজ শেষ করতে হবে ৪২ মাসের মধ্যে।
ব্রিটিশ আমল থেকে উত্তর শহরতলির অন্যতম ব্যস্ত সড়ক বি.টি. রোডের নীচে বিস্তৃত জল সরবরাহ ব্যবস্থার কারণে বারবার পিছিয়েছে এই প্রকল্প। তবে টেন্ডার ডাকার মধ্য দিয়ে বহু প্রতীক্ষিত বরানগর-ব্যারাকপুর মেট্রো বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।