ফের স্থগিত কেদারনাথ যাত্রা। গৌরীকুণ্ডের কাছে নেমেছে ভূমিধস। বন্ধ হয়েছে গিয়েছে রাস্তা। এর জেরে বৃহস্পতিবার আবার কেদারনাথ যাত্রা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
ফের ধস গৌরীকুণ্ডে
দিন কয়েক আগেই টানা ভারী বর্ষণের জেরে ধস নামে গৌরীকুণ্ডের কাছে। কেদারনাথ যাওয়ার হাঁটা পথে গৌরীকুণ্ড থেকে এক কিলোমিটার দূরত্বে ছোড়ির কাছে আচমকা ধস নামে। ওই রাস্তা পরিষ্কার করে ফের যাত্রা শুরু হয়। কিন্তু এর পরে ফের বিপত্তি। ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দুর্যোগের আশঙ্কায় নতুন করে উত্তরাখণ্ডে হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। এরই মধ্যে বৃহস্পতিবার ফের ধস নেমেছে গৌরীকুণ্ডর কাছে।
স্থগিত কেদারনাথ যাত্রা
অবিরাম বৃষ্টির মধ্যে কেদারনাথ যাত্রাপথে গৌরিকুণ্ড গেট থেকে প্রায় ২০০ মিটার সামনে পাহাড়ের ঢাল থেকে বড় বড় পাথর ধসে পড়ে পথটি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। উত্তরাখণ্ডের পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে,সঙ্গে সঙ্গে ওই রাস্তায় তীর্থযাত্রীদের চলাচল বন্ধ করে তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে, যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা থেকে ধ্বংসস্তূপ সরিয়ে চলাচলের পথ পুনরায় চালু করার কাজ চলছে।
কবে থেকে ফের যাত্রা শুরু?
আধিকারিকরা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের ফলে উত্তরাখণ্ডজুড়ে ভূমিধস ও রাস্তা বন্ধের ঘটনা ঘটায় এবং আবহাওয়া দপ্তর নতুন করে সতর্কবার্তা জারি করায়, বৃহস্পতিবার কেদারনাথ যাত্রার যাত্রা স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, কাদা, বড় পাথর এবং উপড়ে পড়া একটি গাছ কেদারনাথ যাওয়ার পথটিকে আটকে দিয়েছে। রুদ্রপ্রয়াগের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক নন্দন সিং রাজওয়ার জানিয়েছেন, রাস্তাটি চলাচলের উপযোগী করার কাজ যুদ্ধকালীন তৎপরতায় চালানো হচ্ছে। তবে অবিরাম বৃষ্টি এবং পাহাড়ের গা থেকে মাঝে-মাঝে পাথর ও কাদা ধসে পড়ার কারণে এই কাজে ব্যাঘাত ঘটছে। তীর্থযাত্রীদের সোনপ্রয়াগে থামিয়ে রাখা হয়েছে। ওই পথটি নিরাপদ ঘোষণা করার পরই তাঁদের সামনে যাওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।
বাড়ছে জলস্তর
এ দিকে টানা বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের বিভিন্ন নদীতে জলস্তর বাড়ছে। সেই সঙ্গেই একাধিক জেলায় ধসের কারণে রাস্তা বন্ধ হতে পারে সতর্ক করাও হয়েছে। বৃহস্পতিবারই ভাগীরথী নদী থেকে ১০০ কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানিয়েছে উত্তরকাশী জেলা প্রশাসন। এর কারণে নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ধসের কারণে চামোলি জেলায় পোখরি-রুদ্রপ্রয়াগ রাস্তা ছাড়াও যমুনোত্রী ন্যাশনাল হাইওয়ের একাধিক এলাকা বন্ধ হয়ে গিয়েছে। সেখানে অতিরিক্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়ে সতর্ক করা হয়েছে এলাকার বাসিন্দাদেরকেও।
এক নজরে:
FAQ
কেন স্থগিত কেদারনাথ যাত্রা?
ফের গৌরীকুণ্ডের কাছে ধস নেমেছে। বৃহস্পতিবার ওই ধস নামার কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় কেদারনাথ যাত্রা স্থগিত করা হয়েছে।
কোথায় এই ধস নামে?
বৃহস্পতিবার এই ধস নেমেছে গৌরিকুণ্ড গেট থেকে প্রায় ২০০ মিটার সামনে।
ধসের ফলে কী হয়েছে?
পাহাড়ের ঢাল থেকে বড় বড় পাথর ধসে পড়ে কেদারনাথ যাওয়ার পথটি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।
কোথায় রাখা হয়েছে তীর্থযাত্রীদের?
তীর্থযাত্রীদের শোনপ্রয়াগে নিরাপদ জায়গায় রাখা হয়েছে।
কবে ফের যাত্রা শুরু হবে?
ওই রাস্তা মেরামত করে চলাচলের উপযোগী করা হচ্ছে। নিরাপদ বলে ঘোষণা করার পরেই ওই রাস্তায় ফের যাত্রার অনুমতি দেওয়া হবে।