এই সময়, মালদা: মালদা মেডিক্যাল কলেজের নিরাপত্তা কর্মী নিয়োগের ক্ষেত্রে টেন্ডার প্রক্রিয়ায় বাইরে রাখতে এক ঠিকাদার সংস্থাকে ভয় দেখিয়ে সাদা কাগজে সই করার অভিযোগ উঠল আর এক ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে উত্তর ২৪ পরগনার ওই ঠিকাদার সংস্থা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের পাশাপাশি মালদার জেলাশাসক রাজনবীর সিং কাপুর এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জানিয়েছে।
মালদা মেডিক্যাল কলেজ হাসপাতলের ২৪৭ নিরাপত্তা কর্মী নিয়োগের টেন্ডার প্রক্রিয়ায় উত্তর ২৪ পরগনার এক ঠিকাদার সংস্থাকে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে টেন্ডারে অংশ নিতে আটকানো হলো বলে অভিযোগ উঠল। অভিযোগ উঠেছে অন্য এক ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। তাই ওই নিয়োগের টেন্ডার পুনর্বিবেচনার দাবিতে প্রশাসনে দ্বারস্থ হয়েছে ওই ঠিকাদার সংস্থা।
সংস্থার ম্যানেজার রাকেশ মণ্ডল বলেন, 'টেন্ডারে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সমস্ত নথিপত্র আমাদের কাছে ছিল। কিন্তু মালদার একটি ঠিকাদার সংস্থার এক কর্তা জোর করে সাদা কাগজে আমার সই করিয়ে নেওয়ায় আমরা আর টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিতে পারিনি।' যদিও অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ঠিকাদার সংস্থার কর্ণধার সুদীপ চট্টোপাধ্যায় বলেন, 'মিথ্যা অভিযোগ এনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।' মালদা মেডিক্যাল কলেজের এমএসভিপি প্রসেনজিৎ বর বলেন, 'পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'