• সিঙ্গুরে শিল্প! রাজ্যে কেমিক্যাল পার্ক গড়তে চেয়ে শুভেন্দুকে চিঠি শমীকের
    এই সময় | ৩১ জুলাই ২০২৬
  • এই সময়: কেন্দ্রীয় সরকারের প্রকল্পের আওতায় রাজ্যে একটি কেমিক্যাল পার্ক গড়ে তোলার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টচার্য। তাঁর মতে, আইনি সমস্যা না থাকলে সিঙ্গুরেও এই প্রকল্প তৈরি করা যেতে পারে। এ ছাড়াও হলদিয়া, রঘুনাথপুর ও দুর্গাপুরেও এই কেমিক্যাল পার্ক তৈরি করা যেতে পারে বলে চিঠিতে উল্লেখ করেছেন শমীক। এই প্রকল্প বাস্তবায়নে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়কারীর ভূমিকা পালন করতেও যে তাঁর কোনও আপত্তি নেই, মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে সেটাও স্পষ্ট করে দিয়েছেন শমীক। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং শিল্প–বাণিজ্যমন্ত্রী তাপস রায়কেও চিঠিটি পাঠিয়েছেন তিনি।

    গত ৪ মে বাংলায় রাজনৈতিক পালাবদলের পর থেকেই শমীকের মুখে সব থেকে বেশি শো‍না গিয়েছে শিল্পের কথা। বাংলায় ভারী শিল্প গড়ে তোলার পক্ষে তাঁকে বারবার সওয়াল করতে দেখা গিয়েছে বিভিন্ন মঞ্চ থেকে। বিভিন্ন বণিকসভার অনুষ্ঠানে তিনি শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন। শমীকের মতে, নতুন শিল্প গড়ে না উঠলে পশ্চিমবঙ্গের প্রকৃত অর্থনৈতিক বিকাশ সম্ভব নয়। সিঙ্গুরে শিল্প গড়ার কথাও একাধিকবার বলেছেন রাজ্য বিজেপি সভাপতি। এমনকী, টাটাদেরও ফের সিঙ্গুরে আহ্বান জানানোর কথাও শোনা গিয়েছে তাঁর মুখে।

    দেশের রাসায়নিক ও পেট্রোকেমিক্যাল শিল্পকে শক্তিশালী করতে কেন্দ্রীয় সরকার নতুন একটি প্রকল্প চালু করেছে। যার নাম ‘ভব্য রসায়ন’। কেন্দ্রের এই প্রকল্প মুখ্যমন্ত্রীর নজরে আনলেন শমীক। তাঁর মতে, বাংলায় একটি কেমিক্যাল পার্ক গড়ে তুলতে পারলে দেশের শিল্প মানচিত্রে গুজরাট ও মহারাষ্ট্রের পাশাপাশি পশ্চিমবঙ্গও গুরুত্বপূর্ণ জায়গা করে নিতে পারবে। কেন্দ্রের ‘ভব্য রসায়ন’ প্রকল্পের কথা বিস্তারিত ভাবে চিঠিতে উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে চিঠিতে শমীক লিখেছেন, ‘৩,০৩০ কোটি টাকার ভব্য রসায়ন কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যে তিনটি বিশেষ কেমিক্যাল পার্ক তৈরি করা হবে। প্রতিটি পার্কের জন্য কেন্দ্র এক হাজার কোটি টাকার অনুদান দেবে, যেখানে রাজ্যকে ন্যূনতম পাঁচশো কোটি টাকা বিনিয়োগ করতে হবে। এটা পশ্চিমবঙ্গের জন্য বিরল সুযোগ।’ তাই মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধও করেছেন বিজেপি রাজ্য সভাপতি।

    বাং‍লায় একটি কেমিক্যাল পার্ক হলে কী কী সুবিধে রাজ্য পাবে, তা জানিয়ে শমীক ওই চিঠিতে লিখেছেন, ‘কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে অন্তত ১,৫০০ কোটি টাকার বিনিয়োগ হবে পশ্চিমবঙ্গের কেমিক্যাল পার্কে। এর ফলে নির্মাণ, পরিবহণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।’ তাঁর সংযোজন, ‘কৃষি, বস্ত্র, ওষুধ, গাড়ি ও ইলেকট্রনিক্স শিল্পও এর সুফল পাবে। আধুনিক পরিকাঠামো গড়ে ওঠায় ভবিষ্যতে আরও বড় বেসরকারি বিনিয়োগ আসবে। এবং রাসায়নিক ও ব্যাটারি-উপকরণ শিল্পে পশ্চিমবঙ্গের অবস্থা আরও ভালো হবে।’

    কিন্তু কোথায় গড়ে উঠবে এই কেমিক্যাল পার্ক? শমীকের প্রথম পছন্দ হুগলির সিঙ্গুর। কারণ, বিজেপি ক্ষমতায় আসার পরে তিনি প্রকাশ্যেই ঘোষণা করেছিলেন, সিঙ্গুরে যদি গাড়ি কারখা‍না না–ও হয়, কোনও না কোনও বড় শিল্প গড়ে তোলা হবেই। সেই আশ্বাসের সূত্র ধরেই তিনি সিঙ্গুরে কেমিক্যাল পার্ক তৈরির পরামর্শ মুখ্যমন্ত্রীকে দিয়েছেন বলে রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা। এ প্রসঙ্গে শমীক চিঠিতে লেখেন, ‘কোনও আইনি সমস্যা না থাকলে সিঙ্গুরে এই প্রকল্প গড়ে তোলা যেতেই পারে। হলদিয়া, রঘুনাথপুর এবং দুর্গাপুর নিয়েও সরকার ভাবতে পারে। এর বাইরে কেমিক্যাল পার্ক তৈরির জন্য অনেক জায়গা রাজ্যে আছে। সেগু‍লি নিয়েও সরকার ভাবনাচিন্তা করতে পারে।’

    তবে কেমিক্যাল পার্ক তৈরির জন্য সিঙ্গুরকে আদৌ বেছে নেওয়া সম্ভব কি না, তা নিয়ে প্রশাসনিক মহলের সংশয় আছে। কারণ, কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, এই পার্ক তৈরির প্রাথমিক শর্ত হলো, এর জন্য রাজ্যের কাছে দু’হাজার একর জমি থাকতে হবে। এবং যে জমি নিয়ে কোনও আইনি জটিলতা থাকবে না।

  • Link to this news (এই সময়)