নিম্নচাপের প্রভাব কাটলেও এখনই বৃষ্টি পিছু ছাড়ছে না বাংলার। শুক্রবার সকালের দিকেও কলকাতা এবং সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ দেখা গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বৃষ্টির দাপট কমলেও আজ, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা ও পরিমাণ কিছুটা কম হতে পারে। অন্য দিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দাপট অব্যাহত থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাব কেটে গিয়েছে। তবে, মৌসুমি অক্ষরেখা রাজস্থানের গঙ্গানগর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই কারণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে।
শুক্রবার সারাদিন কলকাতার আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে কলকাতায়। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল সাড়ে ছ’টা থেকে শুক্রবার সকাল সাড়ে ছ’টা পর্যন্ত শহরে মোট ৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির দাপট কমেছে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, কোথাওই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা আরও কম হতে পারে। তবে, মঙ্গলবার থেকে ফের আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যহত থাকবে। শুক্রবার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার, উত্তরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
এক নজরে
FAQ
দক্ষিণবঙ্গে কি এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আছে?
আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার ও শনিবার মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে, আগামী মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সপ্তাহান্তে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
উত্তরবঙ্গে সপ্তাহান্তে ভারী বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। শুক্রবার ও শনিবার উত্তরের ৫টি জেলাতেই (দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি) ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে।
আজ কলকাতার আকাশ কেমন থাকবে?
আজ সারাদিন কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে এবং এর পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপ কেটে যাওয়ার পরেও রাজ্যে কেন বৃষ্টি হচ্ছে
আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, গভীর নিম্নচাপের প্রভাব কাটলেও মৌসুমি অক্ষরেখা রাজস্থানের গঙ্গানগর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখার কারণেই রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় রয়েছে।