• মেট্রোর পরে এ বার রাতের শহরেও বাড়ছে বাস, কোন কোন রুটে পরিষেবা?
    এই সময় | ৩১ জুলাই ২০২৬
  • শ্যামগোপাল রায়

    রাতের কলকাতায় বাস বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যাত্রীরা যাতে হাওড়া, শিয়ালদহ স্টেশন এবং বিমানবন্দর থেকে রাতেও পর্যাপ্ত বাস পান, তা নিশ্চিত করা হচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১ অগস্ট, শনিবার থেকেই রাতের শহরে বাড়ানো হচ্ছে সরকারি বাসের সংখ্যা। এ বিষয়ে এগিয়ে আসার জন্য বেসরকারি বাস মালিক সংগঠনগুলিকেও অনুরোধ করা হয়েছে পরিবহণ দপ্তরের তরফে। তৃণমূল সরকারের আমলে নাইট পরিষেবা চালু করা হলেও কিছু দিনের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। তার পুনরাবৃত্তি এড়াতে যে সমস্ত রুটে যাত্রী হয়, সেগুলিতে রাতের দিকে বাস বাড়ানো হচ্ছে।

    সরকারি সূত্রের খবর, বহু রোগীই রাতের শেষ ট্রেনে হাওড়া বা শিয়ালদহ স্টেশনে এসে নামেন, যাতে পরের দিন ভোরে সরকারি বা বেসরকারি হাসপাতালের আউটডোরের টিকিটের লম্বা লাইনে আগেভাগে দাঁড়াতে পারেন। কিন্তু গভীর রাতে স্টেশন থেকে বাস না মেলায় তাঁদের চরম ভোগান্তির শিকার হতে হয়। আবার রাত ন’টার পরে বিমানবন্দর থেকেও বাস না–পাওয়ার অভিযোগ ছিল দীর্ঘদিনের।

    সম্প্রতি রাতের মেট্রোর শেষ পরিষেবা বাড়লেও স্টেশন থেকে গন্তব্যে ফেরার পর্যাপ্ত বাস না–পাওয়ার অভিযোগ তুলছেন অনেক যাত্রী। এই বহুমুখী সমস্যা দূর করতেই ট্রেন, বিমান ও মেট্রোর সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে রাতের শহরে বাস পরিষেবা বাড়ানোর পরিকল্পনা হয়েছে।

    দপ্তর সূত্রের খবর, বহু বাসের শেষ ট্রিপের সময় পিছিয়ে রাত দশটা এবং সাড়ে দশটা করা হচ্ছে। যে সব রুটে বাস পরিষেবা বাড়ানো হচ্ছে, তার মধ্যে রয়েছে নীলগঞ্জ ডিপো–হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন–পাটুলি, হাওড়া স্টেশন–গড়িয়া বাস স্ট্যান্ড, গড়িয়া বাস স্ট্যান্ড–হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন–বালিগঞ্জ স্টেশন, ডানলপ–বালিগঞ্জ স্টেশন, উল্টোডাঙা–ইকোস্পেস (নিউ টাউন) এবং কলকাতা বিমানবন্দর–গড়িয়া বাস স্ট্যান্ড। এ ছাড়া ধাপে ধাপে ডানলপ, রাজাবাজার, উল্টোডাঙা এবং বারাসত–কেন্দ্রিক পরিষেবাও বাড়ানো হবে।

    বিমানবন্দর, ব্যারাকপুর, গড়িয়া, বালিগঞ্জ, মৌড়িগ্রাম, ইকো স্পেস এবং কামালগাজির অভিমুখে অতিরিক্ত বাস চালানো হবে। মেডিক্যাল কলেজ, এসএসকেএম, আরজি কর, এনআরএস, চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল, ন্যাশনাল মেডিক্যাল কলেজের মতো প্রধান সরকারি হাসপাতাল এবং ইএম বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালগুলির পাশ দিয়ে যাতায়াত করা বাসের সংখ্যা বৃদ্ধির দাবি দীর্ঘদিনের। সে কথা মাথায় রেখে ওই সব এলাকায় বাস বাড়ানো হবে।



  • Link to this news (এই সময়)