জমিতে চাষের সময় হানা দিল বাজ! খাতড়ায় প্রাণ গেল কৃষকের, আহত ২ মহিলা
News18 বাংলা | ৩১ জুলাই ২০২৬
: বজ্রাঘাতে মৃত্যু হল এক কৃষকের। একই ঘটনায় আহত হলেন আরও দুই মহিলা। বৃহস্পতিবার বিকেলে খাতড়া ব্লকের দেদুয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে। মৃতের নাম শুকদেব মাহাতো (৫১)। তিনি খাতড়া ব্লকের ২ নম্বর পঞ্চায়েতের দেদুয়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে গ্রাম সংলগ্ন ধান জমিতে চাষের কাজ করছিলেন শুকদেব মাহাতো। সেই সময় আচমকাই আকাশ কালো করে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হয়ে জমিতেই লুটিয়ে পড়েন তিনি।
ওই সময় শুকদেব মাহাতোর কাছাকাছি অন্য একটি ধান জমিতে কাজ করছিলেন আরও দুই মহিলা কৃষিশ্রমিক। বজ্রপাতের তীব্র অভিঘাতে তাঁরাও আহত হন। বজ্রপাতের বিকট শব্দ শুনে আশপাশের কৃষক ও গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর তিনজনকেই উদ্ধার করে তড়িঘড়ি খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছনোর পর কর্তব্যরত চিকিৎসক শুকদেব মাহাতোকে মৃত বলে ঘোষণা করেন। আহত দুই মহিলাকে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত দুই মহিলার চিকিৎসা চলছে এবং তাঁদের শারীরিক অবস্থার উপর চিকিৎসকেরা নজর রাখছেন। ঘটনার খবর পেয়ে খাতড়া থানার পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহের শনাক্ত পর্ব সম্পন্ন করে। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। একই সঙ্গে আহতদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের কাজও শুরু করেছে পুলিশ।
এই ঘটনায় এলাকাজুড়ে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে। বর্ষাকালে মাঠে কাজ করার সময় বজ্রপাতের ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে কৃষকদের মধ্যে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় খোলা মাঠে বা ধান জমিতে কাজ না করার পরামর্শ বারবার দেওয়া হলেও জীবিকার তাগিদে অনেক কৃষক সেই ঝুঁকি নিয়েই মাঠে নামছেন। ফলে বর্ষাকালে এমন দুর্ঘটনা এড়াতে আরও বেশি সতর্কতা এবং জনসচেতনতার প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।