নদীবাঁধ ভাঙন থেকে ভেড়ি দখল, এক ফোনেই কাজ! সুন্দরবনবাসীর কষ্ট মেটাতে ঐতিহাসিক উদ্যোগ কাকদ্বীপে
News18 বাংলা | ৩১ জুলাই ২০২৬
: সুন্দরবনের মানুষজনের সমস্যা শুনতে কাকদ্বীপে খুলল সুন্দরবন উন্নয়ন পর্ষদের অস্থায়ী ক্যাম্প অফিস। এই সুন্দরবন বিষয়ক দফতরের প্রথম ক্যাম্প অফিস খোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এর ফলে সুবিধা হবে সুন্দরবনের বাসিন্দাদের। কাকদ্বীপ এলাকায় এটি খোলা হয়েছে। এখানকার মানুষজন তাদের বিভিন্ন সমস্যা, অভাব অভিযোগ জানাতে পারবেন। তাদের জন্য একটি টোল ফ্রি নম্বর দেওয়ার কথা ভাবা হয়েছে। সেই ফোন নম্বরে ঘরে বসেই কেউ চাইলেই নিজের বক্তব্য জানাতে পারবেন। শুধু কাকদ্বীপ নয় সুন্দরবন এলাকার সকলেই এখানে তাঁদের অভাব অভিযোগ জানাতে পারবেন। এটি অস্থায়ী অফিস। পরে স্থায়ী করা হবে।
নয়া ক্যাম্প অফিস সকলের জন্য খুলে দিয়েছেন সুন্দরবন দফতরের রাষ্ট্রমন্ত্রী দীপঙ্কর জানা। উপস্থিত ছিলেন একাধিক আধিকারিক এবং সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল। মূলত কাকদ্বীপের বিধায়ক দীপঙ্কর জানার মস্তিষ্কপ্রসূত এই উদ্যোগ। সুন্দরবন এলাকার নদী বাঁধ, ভাঙনের সমস্যা থেকে শুরু করে রাস্তাঘাট এমনকি নদীর চর দখল করে ভেড়ি বা নির্মাণ করার মতো ঘটনার কথা জানানো যাবে। সমস্ত সমস্যার কথা নির্ভয়ে বলা যাবে এখানে। সরাসরি এই ক্যাম্প অফিসেই খবর জানানো যাবে।
স্থানীয় বাসিন্দাদের পরিষেবা দেওয়ার জন্য এই অফিসে একজন পদস্থ অফিসারকে নিযুক্ত করার কথা ভাবা হয়েছে। এতদিন সুন্দরবন এলাকার কোন বিষয় নিয়ে কিছু বক্তব্য বা অভাব অভিযোগ জানাতে হলে মহকুমা প্রশাসন অথবা কলকাতার দফতরের অফিসে যেতে হত। ফলে অনেক কাঠখড় পোড়াতে হত, কিন্তু এবার একেবারে হাতের দোরগোড়ায় অফিস তৈরি করেছে দফতর। ফলে সুবিধা হবে বিস্তর।
এই অফিস খুলে যাওয়ায় সুন্দরবন বিষয়ক দফতরের কাজকর্মের সুবিধা হবে। এদিকে সুন্দরবনকে আলাদা জেলা করার কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যেই এই অফিস খোলায় সুন্দরবনের মানুষজন খুবই খুশি। আগামী দিনে পুরোদমে এই অফিস তার কাজ চালিয়ে যাবে।