• মোদির ‘ভুয়ো’ ভিডিওতে ছয়লাপ ফেসবুক-ইনস্টাগ্রাম, মেটা শীর্ষকর্তার বিরুদ্ধে দায়ের মামলা
    প্রতিদিন | ৩১ জুলাই ২০২৬
  • নেটদুনিয়ায় ঘুরছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একঝাঁক ভুয়ো ভিডিও। কখনও তাঁর ইস্তফাপত্র, কখনও বিতর্কিত বার্তা-প্রধানমন্ত্রীর নানা পোস্ট ঘুরে বেড়াচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রামের মতো সোশাল মিডিয়ায়। এই কন্টেন্টের অধিকাংশই এআই দিয়ে তৈরি। সেই ভুয়ো পোস্টের বাড়বাড়ন্ত দেখে এবার মেটার ভারতীয় কর্তার বিরুদ্ধে দায়ের হল এফআইআর। অভিযোগ, এই ধরনের কন্টেন্টে বিভ্রান্ত হচ্ছেন আমজনতা।

    জানা গিয়েছে, মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। অভিযোগ, মেটার অধীনস্থ সোশাল মিডিয়া যেমন ফেসবুক এবং ইনস্টাগ্রামে বাড়ছে প্রধানমন্ত্রীকে নিয়ে তৈরি এআই কন্টেন্টের সংখ্যা। কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি এই ছবি বা ভিডিও দেখে আমজনতা এই কন্টেন্টের সত্যতা যাচাই করতে পারছেন না। ফলে জনমানসে বিভ্রান্তি ছড়াচ্ছে। ইতিমধ্যেই এই নিয়ে তদন্ত শুরু করেছে হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।

    পুলিশের তরফে ইতিমধ্যেই মেটার প্রতিনিধিদের তলব করা করা হয়েছিল। এআই দিয়ে তৈরি কন্টেন্টের প্রচার রুখতে মেটার তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয় কিনা, সেই নিয়ে প্রশ্ন করা হয়। তার কয়েকদিন পরেই এফআইআর দায়ের হল অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে। হায়দরাবাদ পুলিশের মতে, এআই কন্টেন্টের উৎস সন্ধান করতে তদন্ত চলছে। কীভাবে এই কন্টেন্ট ছড়িয়েছে, কারা কী কারণে এই কন্টেন্ট আপলোড বা শেয়ার করছে-খতিয়ে দেখা হচ্ছে সবই। এআই কন্টেন্ট ছড়িয়ে পড়া রুখতে মেটা আদৌ কার্যকর কিনা, তদন্ত চলছে সেই নিয়েও।

    উল্লেখ্য, দিনকয়েক আগে মোদির বহুল জনপ্রিয় ভিডিও মুছে দিয়েছিল মেটা! সেই নিয়ে দেশজুড়ে প্রবল বিতর্ক হয়। মেটাকে তুলোধোনা করেন বিজেপি নেতারা। সূত্রের খবর, কেন্দ্রের তলব পেয়ে ‘মুচলেকা’ দিয়েছে মেটা। ভুল স্বীকার করার পাশাপাশি তারা জানিয়েছে, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের পোস্ট করা কন্টেন্ট যেন উধাও হয়ে না যায় সেটা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। ব দ্রুতই মেটা কর্তারা সরকারি আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেই জানা গিয়েছে। তার আগেই নতুন করে আইনি জটিলতা শুরু হল মেটা ইন্ডিয়া প্রধানকে নিয়ে।
  • Link to this news (প্রতিদিন)