• মুম্বইয়ে মেরামতের সময় ভাঙল চারতলা বাড়ি, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত অন্তত ৭, নিখোঁজ অনেকে
    প্রতিদিন | ৩১ জুলাই ২০২৬
  • একটানা বৃষ্টির জের। তার মধ্যেই চলছিল মেরামতের কাজ। মুম্বইয়ের কাছে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি পুরনো চারতলা বাড়ি। এই ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়়েছেন অনেকে। ঘটনার খবর পাওয়া মাত্র উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

    বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ দুর্ঘটনা ঘটে পাওয়ারলুম টাউনের বালাজি নগরে। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চারতলা কহিনুর ভবন। প্রশাসন জানাচ্ছে, ভবনটিতে ৪৮টি ঘর রয়েছে। প্রত্যেক তলায় ১২টি করে। বাড়িটিকে বহু আগেই ‘বিপজ্জনক’ তকমা দিয়েছিল স্থানীয় পুর প্রশাসন। প্রশ্ন উঠছে, এরপরেও সেখানে কেন বসবাস করছিলেন কেউ কেউ! স্থানীয়রা জানিয়েছেন, রাত ৯টা নাগাদ প্রথমবার বিকট শব্দে বাড়িটি ভাঙতে শুরু করে।

    প্রতিবেশীরাই প্রাথমিক ভাবে উদ্ধারকাজে নামেন। তাঁরা বেশ কয়েক জনকে কোনওমতে ধ্বংস্তূপের ভিতর থেকে বের করে আনেন। খবর পেয়ে এরপর উদ্ধারকাজে নামে প্রশাসন। ঘটনাস্থলে আসে দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। প্রাথমিক ভাবে ৭ জনের দেহ উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে, এখনও ভিতরে ৩-৪ জন আটকে রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে রয়েছে দমকলের চারটি ইঞ্জিন, দু’টি অ্যাম্বুল্যান্স এবং ধ্বংস্তূপ সরানোর ভারী মেশিন।
  • Link to this news (প্রতিদিন)