সব্যসাচী দত্তের ঠিকানা থেকে সোনা উদ্ধার মামলার তদন্তে ইডি! খিদিরপুর-সহ ১২ জায়গায় অভিযান
প্রতিদিন | ৩১ জুলাই ২০২৬
প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের ফ্ল্যাট ও লকার থেকে সাড়ে তিন কেজি সোনা উদ্ধারের ঘটনায় এবার অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সাতসকালে কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় এই অভিযান চালান তদন্তকারীরা। মূলত এই সোনাগুলি কোনও দুর্নীতি, তোলাবাজির টাকায় কেনা হয়েছিল কি না তা জানতেই তদন্ত শুরু করল ইডি।
তোলাবাজির অভিযোগে গতমাসে সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। ধৃত তৃণমূল নেতাকে নিয়ে তাঁর বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতেই তাঁর ফ্ল্যাট থেকে কয়েক কোটি টাকার সোনা উদ্ধার করে পুলিশ। তাঁর ব্যাঙ্কের লকার থেকেও সোনা উদ্ধার হয়। এর পাশাপাশি তল্লাশিতে ৭৬ কোটি টাকার সোনা কেনার রসিদও পাওয়া যায়। এমনকী সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়ি থেকেও তাল তাল সোনা উদ্ধার হয়। জানা যায়, ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়কের প্রায় সাড়ে তিন কেজি সোনার হদিশ মেলে। এই ঘটনার সূত্র ধরেই এবার তদন্ত শুরু করল ইডি।
সোনাগুলি কী কারণে মজুত করা হয়েছিল, তোলাবাজি, দুর্নীতির টাকাতেই এই সব সোনা কেনা হয়েছিল কি না সেসব জানতে শুক্রবার সাতসকালে রাজ্যের ১২ টি জায়গায় অভিযান চালায় ইডি। মূলত সব্যসাচীর আয়ের সঙ্গে এই বিপুল পরিমাণ সোনা ও সম্পত্তির সামঞ্জস্য পাননি তদন্তকারীরা। সেই কারণেই তদন্তে নেমে এই বিপুল সোনার উৎসের হদিশ পেতে চাইছে ইডি।
উল্লেখ্য, সব্যসাচী দত্তরের বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে সম্প্রতি প্রাথমিক অনুসন্ধান শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এফআইআরের নথিও সংগ্রহ করেন ইডি আধিকারিকরা। এবার কলকাতা-সহ জেলার ১২টি জায়গায় অভিযান চালিয়ে তদন্ত শুরু করলেন তদন্তকারীরা।