মাটির বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হলো বাবা-মেয়ের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে হুগলির মগরার গজঘণ্টা মালিক পাড়ায়। জানা গিয়েছে, মৃতের নাম গৌড় মালিক (৫৬) এবং মাম মালিক (১২)। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
স্থানীয় সূত্রে খবর, গৌড় পেশায় সব্জি বিক্রেতা। মেয়ে মামকে নিয়ে মাটির বাড়িতেই থাকতেন তিনি। এক ছেলে প্রসেনজিৎ মালিক কর্ম সূত্রে বাইরে থাকেন। মাঝেমধ্যে বাড়িতে আসেন। বৃহস্পতিবার রাত ২টো নাগাদ বিকট শব্দ শুনতে পান এলাকার বাসিন্দারা। সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে এসে তাঁরা দেখেন স্থানীয় বাসিন্দা গৌর মালিকের মাটির বাড়িটির একাংশ ভেঙে পড়েছে। সেই ধ্বংসস্তূপের মধ্যেই চাপা পড়েছেন গৌড় এবং তাঁর কিশোরী মেয়ে।
জানা গিয়েছে, মগরা দু’নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে গৌড়ের নাম আবাস যোজনার জন্য অনুমোদিত হয়েছিল। কিন্তু, প্রকল্পের পুরো টাকা পাননি গৌড়। ফলে পাকা বাড়ির কাজ শেষ হয়নি। তাই মাটির বাড়িতেই মেয়েকে নিয়ে থাকতেন তিনি।
এ বিষয়ে গৌড়ের ছেলে প্রসেনজিৎ মালিক বলেন, ‘পরশুদিন বাবার সঙ্গে এক ঘণ্টা কথা হয়েছে। রবিবার বাড়ি গিয়ে কিছু টাকা দেওয়ার কথা ছিল। প্রতি রবিবার বাড়ি আসি। যখন যেমন কাজ পাই তখন সেরকম কাজ করি। ১০-১২ বছর ধরে বাইরেই থাকি। বাবাকে বলেছিলাম মাটির দেওয়ালটা ফেলে দিয়ে বাঁশ দিয়ে ঘিরে দিতে, কিন্তু বাবা কথা শোনেননি।’