• সব্যসাচীর বিরুদ্ধে মামলায় সক্রিয় ইডি, কলকাতার বেশ কয়েকটি জায়গা ও জেলায় চলছে তল্লাশি অভিযান
    এই সময় | ৩১ জুলাই ২০২৬
  • প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলায় কলকাতা ও জেলা-সহ বেশ কয়েকটি জায়গায় শুক্রবার সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তল্লাশি অভিযান শুরু করল ইডি। কলকাতার পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি, খিদিরপুর, বড়বাজার ও রাজারহাট-নিউ টাউন এবং সল্টলেক, নদিয়া জেলায় তল্লাশি অভিযান চলে।

    রাজ্য পুলিশের আর্থিক দুর্নীতির মামলায় বর্তমানে জেল হেফাজতে রয়েছেন সব্যসাচী। প্রাক্তন বিধায়ক সব্যসাচী বিধাননগর পুরনিগমের চেয়ারম্যানও ছিলেন। মাস দুয়েক আগে রাজ্য পুলিশের আর্থিক দুর্নীতি মামলায় নদিয়ার তেহট্ট এলাকায় সব্যসাচীর এক বান্ধবীর বাড়ি থেকে প্রায় চার কোটি টাকার গয়না উদ্ধার হয়েছিল। শুক্রবার সব্যসাচী ঘনিষ্ঠ এক ব্যবসায়ী এবং পরিচিতদের অফিস ও বাড়িতে তল্লাশি অভিযান করা হয়। তদন্তকারীদের দাবি, বিভিন্ন দুর্নীতির কালো টাকা নামে-বেনামে সম্পত্তি ও ব্যবসায় বিনিয়োগ করা হয়েছিল। ওই সব কালো টাকার হদিশ পেতেই তল্লাশি অভিযান চলছে।

    প্রসঙ্গত, এর আগে সব্যসাচীর রাজারহাটের ফ্ল্যাট এবং ব্যাঙ্কের লকার মিলিয়ে প্রায় সাড়ে তিন কেজি সোনা পাওয়া গিয়েছিল বলে খবর পুলিশ সূত্রে। পরে সব্যসাচী এবং তাঁর স্ত্রী ইন্দ্রানী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত (ফ্রিজ়) করেছিল পুলিশ। পুলিশের তরফে জানানোও হয়, ওই পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মেয়াদি আমানত (ফিক্সড ডিপোজিট), নগদ মিলিয়ে ৩ কোটি ৭০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

  • Link to this news (এই সময়)