• আঁধার অতীত, এবার সুন্দরবনের ঘরে ঘরে মিলবে কম খরচে আলো! হিঙ্গলগঞ্জে মাস্টারপ্ল্যান রেখা পাত্রের
    News18 বাংলা | ৩১ জুলাই ২০২৬
  • : সুন্দরবনে সৌরশক্তির প্রসারে জোর, পিএম সূর্যঘর যোজনা নিয়ে হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে বৈঠক। সুন্দরবন এলাকার প্রত্যন্ত গ্রামগুলিতে সৌরশক্তির ব্যবহার আরও বাড়ানো এবং সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার সুবিধা পৌঁছে দিতে হিঙ্গলগঞ্জে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবদাস গাঙ্গুলীর  সঙ্গে কথা বলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র, পাশাপাশি আলোচনা করেন  বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সঙ্গেও।

    মূলত, কীভাবে সুন্দরবনের দুর্গম এলাকায় সৌরবিদ্যুতের ব্যবহার আরও সম্প্রসারিত করা যায় এবং সাধারণ মানুষকে এই প্রকল্প সম্পর্কে সচেতন করা যায়। প্রশাসনের উদ্যোগে গ্রামে গ্রামে প্রচার, শিবিরের আয়োজন, আবেদন প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ এবং সহজে তথ্য পাওয়ার ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও আলোচনা হয়, যাতে সাধারণ মানুষ সরকারি নিয়ম মেনে সহজেই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন এবং প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগের সুযোগ পান। বিডিও অফিস, বিদ্যুৎ দফতর ও সংশ্লিষ্ট সংস্থাগুলির সমন্বয়ে আবেদনকারীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়েও মতবিনিময় হয়।

    বিধায়ক রেখা পাত্র জানান, সুন্দরবনের বহু এলাকায় এখনও বিদ্যুৎ পরিষেবা নানা সমস্যার মুখোমুখি হয়। সেখানে সৌরশক্তির ব্যবহার বাড়লে সাধারণ মানুষের বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি পরিবেশবান্ধব শক্তির ব্যবহারও বৃদ্ধি পাবে। তাই এই প্রকল্পের সুবিধা প্রত্যন্ত এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়াই এখন অন্যতম লক্ষ্য।

    উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন সরকার সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে একাধিক সুবিধা ও উদ্যোগের কথা ঘোষণা করেছে। সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রের পিএম সূর্যঘর যোজনা এবং রাজ্য সরকারের উদ্যোগকে সমন্বয় করে সুন্দরবনে নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নিয়ে প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে। প্রশাসনের আশা, এই ধরনের সমন্বয়মূলক বৈঠক এবং সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে আগামী দিনে সুন্দরবনের আরও বেশি পরিবার সৌরশক্তির আওতায় আসবে। এর ফলে একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে, অন্যদিকে পরিবেশ রক্ষা এবং টেকসই উন্নয়নের পথও আরও সুদৃঢ় হবে।
  • Link to this news (News18 বাংলা)