• সামান্য বৃষ্টিতেই গর্তে জল, উল্টে যাচ্ছে গাড়ি! হাওড়া-আমতা সড়কে হাহাকার, স্থায়ী সমাধানের দাবি
    News18 বাংলা | ৩১ জুলাই ২০২৬
  • : বর্ষা মানেই হাওড়া-আমতা সড়কে যাতায়াত করতে মানুষের প্রাণের ঝুঁকি বেড়ে যায়। প্রতিদিন একাধিক দুর্ঘটনা ঘটছে। সকাল থেকে রাত পর্যন্ত অত্যন্ত ব্যস্ত এই সড়কে প্রতিদিন অসংখ্য ছোট-বড় যানবাহন ও হাজার হাজার মানুষের যাতায়াত। বর্ষায় সড়কের বিভিন্ন স্থানে গর্ত তৈরি হয়ে দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়িয়ে দেয়। ফলে প্রতি বছর কয়েকটা মাস রীতিমতো জীবন হাতে নিয়ে মানুষকে পথ চলতে হয়, সেই সমস্যা এবারও। বর্ষা শেষ হতে এখনও অনেকটা বাকি, অথচ এরই মধ্যে হাওড়া-আমতা রোডের বাঁকড়া বাজার এলাকায় রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়েছে।

    চালক ও যাত্রীদের কথায়, রাস্তাটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে। সামান্য অসাবধান হলেই দুর্ঘটনা। পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও প্রতিদিন একাধিক যানবাহন উল্টে যাচ্ছে, দুর্ঘটনা ঘটছে এবং মানুষ আহত হচ্ছেন। বর্ষার দিনে এই ব্যস্ত সড়কটি ভয়ংকর রূপ ধারণ করে, যা দীর্ঘদিনের একটি বড় সমস্যা।

    হাওড়া-আমতা রোড হাওড়া জেলার অন্যতম ব্যস্ত সড়ক। গ্রামীণ হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর এবং ডোমজুড় ব্লকের মানুষ সরাসরি এই সড়ক ব্যবহার করেই হাওড়া শহর ও কলকাতায় পৌঁছন। সরকারি-বেসরকারি রুটের বাসের পাশাপাশি হাওড়া শিল্পাঞ্চল ও জাতীয় সড়কের সংযোগকারী রাস্তা হওয়ায় এতে পণ্যবাহী যানবাহনের চাপও প্রচুর থাকে। কিন্তু ব্যস্ত রাস্তার ওপর তৈরি হওয়া বড় বড় গর্ত এবং তাতে জল জমে সৃষ্টি হচ্ছে আরও বড় বিপদ।

    স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মতে, এই সড়কে যানজট ও বর্ষায় রাস্তার বেহাল দশা দীর্ঘদিনের সমস্যা। তবে সরকার বদলের পর যানজটের সমস্যা অনেকটাই লাঘব হয়েছে। কিন্তু বর্ষায় রাস্তা খারাপের কারণে মানুষ প্রতিনিয়ত যেভাবে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন, সেই দুর্ভোগ কবে শেষ হবে—এখন সে আশাতেই দিন গুনছেন সবাই। স্থানীয়দের একাংশ জানাচ্ছেন, রাজ্যে সরকার পরিবর্তনের পর হাওড়া-আমতা রোডের দীর্ঘদিনের যানজট অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ঠিক সেভাবেই বর্ষায় রাস্তার এই বেহাল দশা ও দুর্ঘটনার আশঙ্কা দূর করতে দ্রুত স্থায়ী পদক্ষেপ নেওয়া হবে—এমনটাই আশা সাধারণ মানুষের।
  • Link to this news (News18 বাংলা)