• পাটক্ষেত-কাশবনে থরে থরে সাজানো মদের বোতল, সুরাপ্রেমীদের আসরে তুলকালাম
    News18 বাংলা | ৩১ জুলাই ২০২৬
  • শুক্রবার সকালে নবদ্বীপের ট্যাংরা বিলপার মোড় এলাকায় হুলস্থুল কাণ্ড। গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয়রা অভিযান চালিয়ে প্রায় ৮৮ টি অবৈধভাবে মজুত করা মদের বোতল উদ্ধার করেন। বিশ্বস্ত মারফত খবর পেয়ে ভারতীয় জনতা যুব মোর্চা ও মাতৃশক্তির স্থানীয় সদস্যরা যৌথভাবে ওই এলাকায় পৌঁছে যান। তারপর এই তল্লাশি অভিযান চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দেখতে পান, বেশ কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে বসে মদ্যপান করছেন।

    দলীয় সদস্যরা তাঁদের আটক করার চেষ্টা করলে, কয়েকজন দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তবে যাঁরা ধরা পড়েন, তাদের জিজ্ঞাসাবাদ করা হলে সেখানে মদ্যপানের কথা স্বীকার করেন। এরপর যুব মোর্চা ও মাতৃশক্তির সদস্যরা আশপাশের পাটক্ষেত এবং কাশবনে তল্লাশি চালান। খোঁজাখুঁজির পর সেখান থেকে লুকিয়ে রাখা মোট ৮৮ টি মদের বোতল উদ্ধার করা হয়। ঘটনার পরপরই নবদ্বীপ থানার পুলিশকে বিষয়টি জানানো হয়।

    খবর পাওয়া মাত্রই নবদ্বীপ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ আধিকারিকরা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন এবং সমস্ত উদ্ধার হওয়া মদের বোতল নিজেদের হেফাজতে নেন। অবৈধভাবে মজুত করা মদ পুলিশের হাতে তুলে দেওয়ার পাশাপাশি স্থানীয় নেতৃত্ব প্রশাসনের কাছে লিখিত ও মৌখিক আবেদন জানান।যাতে এই ধরনের বেআইনি মদের কারবার এলাকা থেকে চিরতরে নির্মূল করা যায়, সেই বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়।

    এই অভিযানের বিষয়ে ভারতীয় জনতা যুব মোর্চার নবদ্বীপ বিধানসভার ৩ নম্বর মণ্ডলের সভাপতি পিন্টু দেবনাথ জানান, “আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে এখানে পৌঁছে তল্লাশি চালাই। প্রায় ৮৮ টি মদের বোতল আমরা উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছি।” তিনি আরও দাবি করেন, যেন পুলিশ অতি দ্রুত ঘটনার মূল চক্রীকে গ্রেফতার করে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করে। এলাকাকে অপরাধমুক্ত ও বেআইনি মদ সরবরাহ বন্ধ করতে স্থানীয় মানুষও প্রশাসনের নজরদারির দাবি জানিয়েছেন।
  • Link to this news (News18 বাংলা)