বঙ্গে ফের জঙ্গি যোগে গ্রেফতার যুবক। পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের রেনেসাঁ উপনগরী থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের (Jaish-e-Mohammed) সঙ্গে যোগ থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধৃতের নাম হামিম মণ্ডল। বৃহস্পতিবার রাতে বর্ধমান থানার পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তদন্তকারী সংস্থার দাবি, প্রাথমিক তদন্তে ধৃতের সঙ্গে জইশ-ই-মহম্মদের যোগাযোগের কিছু সূত্র মিলেছে।
জানা গিয়েছে, জইশের সঙ্গে যোগ থাকার পাশাপাশি কাশ্মীরের সাজ্জাদ ভাট গোষ্ঠীর সঙ্গেও তাঁর সম্ভাব্য যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই সমস্ত তথ্য এখনও তদন্তাধীন এবং আদালতে প্রমাণিত হয়নি। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে একটি মোবাইল ফোন, ডিজিটাল ডিভাইস এবং কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে। সেগুলির ফরেনসিক ও প্রযুক্তিগত বিশ্লেষণ চলছে। সূত্রের খবর উদ্ধার হওয়া তথ্যের ভিত্তিতে তাঁর যোগাযোগের নেটওয়ার্ক, আর্থিক লেনদেন এবং সম্ভাব্য সহযোগীদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন পুরনো স্মৃতি নিয়ে নতুন সময়ে ফেরা তসলিমার, লাল পাড় সাদা শাড়িতে সেজে ছবি পোস্ট কবির! ফিরছেন কলকাতায়…
তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, উদ্ধার হওয়া কিছু ডিজিটাল তথ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি সংক্রান্ত কিছু তথ্য পাওয়া গিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে এর উদ্দেশ্য কী ছিল বা এর সঙ্গে কোনও অপরাধমূলক পরিকল্পনার যোগ রয়েছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি তদন্তকারী সংস্থা।
সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের দাবি। গোয়েন্দাদের একাংশের মতে, ধৃত দীর্ঘদিন ধরে বর্ধমান শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থান করছিলেন কি না এবং সেখান থেকে কোনও সংগঠিত কার্যকলাপ পরিচালনা করা হচ্ছিল কি না, তা নিয়েও তদন্ত চলছে।
পাশাপাশি, তাঁর সঙ্গে আর কারও যোগাযোগ ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হতে পারে। তদন্তের স্বার্থে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারেন তদন্তকারীরা।উল্লেখযোগ্য বিষয়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও হামলার ষড়যন্ত্রের সুনির্দিষ্ট প্রমাণ বা সরকারি নিশ্চিত বক্তব্য এখনও প্রকাশ্যে আসেনি। তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যায় না বলে তদন্তকারী মহলের একাংশের মত।