মন্দিরে ঢুকে হাতজোড় করে প্রণাম করছেন। দু’হাতে নিজেরাই নিজেদের কান মুলে দিয়ে যেন মাফ চাইছেন ভগবানের কাছে। এই পর্যন্ত সবই ঠিক ছিল। হঠাৎ দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। মন্দিরের বিগ্রহে নমস্কার করার পরেই মন্দিরের প্রণামী বাক্স ভেঙে সমস্ত টাকাপয়সা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। মহারাষ্ট্রের নাগপুরের একটি শীতলা মন্দিরের এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। জানা গিয়েছে, গত বুধবার রাত ২টো ২০ মিনিটে এই ঘটনা ঘটেছে।
মন্দিরের মধ্যে থাকা সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে, মঙ্গলবার রাত ২ টো ২০ মিনিটে মন্দিরের মধ্যে ঢোকেন দুই যুবক। এরপরে মন্দিরের মধ্যে থাকা বিগ্রহে নমস্কার করেন তাঁরা। কানে হাত দিয়ে ভগবানের উদ্দেশে ক্ষমা চাইতেও দেখা যায় তাঁদের। এরপরেই মন্দিরের প্রণামী বাক্সে হামলা চালান একজন। অন্যজন, বাইরের দিকে নজর রাখতে থাকেন। অবশেষে, প্রণামী বাক্সের তালা ভেঙে ভিতর থেকে টাকা চুরি করে পালিয়ে যান তাঁরা।
পরের দিন সকালে মন্দিরে আসতেই বিষয়টি প্রকাশ্যে আসে। মন্দিরের লোকজন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই চুরির ঘটনা প্রকাশ্যে আসে। মন্দিরের পুরোহিত জীতেন্দ্র পান্ডে জানান, সকাল ৮টা নাগাদ মন্দিরে এসে দেখেন মন্দিরের তালা ভাঙা রয়েছে। প্রণামী বাক্সটিও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সকালে পুলিশকে সমস্ত ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত করছে পুলিশ
পুরোহিত আরও জানিয়েছেন, এই প্রথম নয়। এর আগেও এই মন্দিরে চুরি হয়েছে। এই নিয়ে তৃতীয় বার চুরি হলো এই মন্দিরে। এর আগে, মন্দিরের মধ্যে থাকা বিগ্রহের গলা থেকে সোনার মঙ্গলসূত্র চুরি করা হয়েছিল। মন্দিরের প্রণামী বাক্স ভেঙেও টাকা চুরি হয়েছিল আগে। ফের চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে। যদিও, এখনও পর্যন্ত কাউকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়নি।