মুখ্যমন্ত্রীর উপরেই হামলার ছক ছিল বর্ধমানে ধরা পড়া জৈশ জঙ্গির? বাংলার এসটিএফ সূত্রে এই খবর প্রকাশ্যে আসার পরে বিষয়টি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, ‘ভীষণ স্পর্শকাতর বিষয়। আমি কোনও মন্তব্য করব না। আগামিকাল এসটিএফ বিবৃতি দেবে। এটা জাতীয় নিরাপত্তার বিষয়।’
শুক্রবার সকালে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে বর্ধমানের অভিজাত আবাসন ‘রেনেসাঁ কমপ্লেক্স’-এ অভিযান চালিয়ে জৈশ-ই-মহম্মদ গোষ্ঠীর সদস্য হামিদ মণ্ডলকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। সূত্রের খবর, সেই সময়ে ঘরের মধ্যে ব্যায়াম করছিল অভিযুক্ত। সূত্রের দাবি, হামিদের সঙ্গে ওই ঘরে আরও একজন ছিল। বর্তমানে সে পলাতক। তার খোঁজে চলছে তল্লাশি অভিযান। স্থানীয় বাসিন্দাদের দাবি, মাসখানেক ধরেই ওই আবাসনে ভাড়ায় থাকছিল হামিদ।
এসটিএফ সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধিতে নজর রাখছিল হামিদ। নিউ টাউনে শুভেন্দুর ফ্ল্যাটের অদূরেও ফ্ল্যাট ভাড়া নিয়েছিল সে। এ ছাড়া প্রাথমিক তদন্তে উঠে এসেছে, সরকারের যাবতীয় গতিবিধি, বিশেষ করে মুখ্যমন্ত্রীর গতিবিধি, কোন গাড়িতে তিনি যাচ্ছেন, তিনি কখন গাড়িতে উঠবেন, গাড়ি কতদূর যাবে, গাড়ির চালক কে, কোথায় পার্কিং করা হবে, এই সংক্রান্ত যাবতীয় গোপনীয় তথ্য ওই জঙ্গির হাতে ছিল।