• মুখ্যমন্ত্রীকে হত্যার ছক? ‘ওরা হায়নার মতো....’, জৈশ জঙ্গির গ্রেপ্তারি নিয়ে মুখ খুললেন শুভেন্দুর বাবা
    এই সময় | ৩১ জুলাই ২০২৬
  • বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জৈশ-ই-মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডলকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের STF। ধৃতের কাছ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি, কর্মসূচি, ভিআইপি মুভমেন্টের নথিপত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর বাবা শিশির অধিকারী। শুক্রবার এই সময় লাইভকে ফোনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বললেন, ‘ওরা হায়নার মতো তাকিয়ে আছে, কখন, কী ভাবে মেরে দেওয়া যায়।’

    মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছেন শুভেন্দু। গোরু পাচার, বালি পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে। ইতিমধ্যেই ধরা পড়েছে একাধিক দুষ্কৃতী। সমান্তরাল ভাবে প্রশাসনিক পদেও রদবদল করছেন তিনি। শিশিরের মতে, মুখ্যমন্ত্রীর উপরে তাঁদের রাগ থাকতে পারে। তিনি সরাসরি বলেন, ‘কয়লা মাফিয়া, গোরু মাফিয়া, বালি চোর ধরা পড়ছে। এদের স্বার্থে ঘা লেগেছে।’

    মুখ্যমন্ত্রী কখন, কোথায় যাবেন সেই সূচি অনেক আগেই রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে চলে যায় বলে দাবি শিশিরের। তাঁর কথায়, ‘আপনারা তো জানেন, কত জন ধরা পড়েছে। কত অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। যাঁদের স্বার্থে ঘা পড়েছে, তাঁরাই হায়নার মতো তাকিয়ে আছে। চেষ্টা করছে কখন, কী ভাবে মেরে দেওয়া যায়।’ তবে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সিক্রেট সার্ভিস এমনকী দলও (বিজেপি) মুখ্যমন্ত্রীর সুরক্ষায় সদা সতর্ক রয়েছে জানিয়ে শিশির বললেন, ‘তবে আমার মনে হয়, শেষ পর্যন্ত ওরা কেউ কিছু করতে পারবে না।’

    তবু বাবা হিসেবে শিশির চিন্তিত, সে কথাও গোপন করলেন না তিনি। বলে দিলেন, ‘হ্যাঁ, চিন্তা তো হয়ই।’ তাঁর স্পষ্ট কথা, ‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভালো।’ তবে জঙ্গি হামিদ মণ্ডলের ধরা পড়ার পরে ছেলে শুভেন্দুর সঙ্গে কথা হয়নি তাঁর। শিশির বললেন, ‘কথা হয়নি, তবে সব খবরই পাচ্ছি। এই ক’দিনে সাধারণ মানুষের অনেক কাজ করেছে। তাই সবাই চিন্তিত। আমরা সবাই সতর্ক দৃষ্টি রাখছি।’

    উল্লেখ্য, পুলিশ ও STF যৌথ অভিযান চালিয়ে বর্ধমানের রেনেসাঁ হাউসিং করে গ্রেপ্তার করে হামিদ মণ্ডলকে। ধৃত জৈশ-ই-মহম্মদের সক্রিয় সদস্য বলে দাবি তদন্তকারীদের। চাঞ্চল্যকর বিষয় হলো, হামিদের সঙ্গে কাশ্মীরের সাজ্জাদ ভাটের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে। তদন্তকারীদের দাবি, হামিদ মণ্ডল মুখ্যমন্ত্রীর গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছিল। তার কাছ থেকে শুভেন্দুর ভিআইপি মুভমেন্টের নথিপত্রও মিলেছে বলে অভিযোগ।

    প্রশ্ন: হামিদ মণ্ডল কে?

    উত্তর: তদন্তকারীদের দাবি, হামিদ মণ্ডল জৈশ-ই-মহম্মদের সক্রিয় সদস্য। বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে তাঁকে গ্রেপ্তার করেছে STF।

    প্রশ্ন: কেন হামিদ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে?

    উত্তর: তদন্তকারীদের অভিযোগ, তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহের চেষ্টা করছিলেন।

    প্রশ্ন: হামিদের কাছ থেকে কী উদ্ধার হয়েছে?

    উত্তর: তদন্তকারীদের দাবি, তাঁর কাছ থেকে মুখ্যমন্ত্রীর গতিবিধি, সূচি এবং ভিআইপি মুভমেন্ট সংক্রান্ত নথিপত্র পাওয়া গিয়েছে।

    প্রশ্ন: হামিদের সঙ্গে আর কারও যোগাযোগের অভিযোগ রয়েছে?

    উত্তর: তদন্তকারীদের দাবি, কাশ্মীরের সাজ্জাদ ভাট গোষ্ঠীর সঙ্গে হামিদের যোগাযোগ রয়েছে।

    প্রশ্ন: হামিদকে নিয়ে কী বলেছেন শিশির অধিকারী?

    উত্তর: শিশির অধিকারী বলেছেন, মুখ্যমন্ত্রীর উপর ক্ষুব্ধ কিছু গোষ্ঠী ‘হায়েনার মতো’ সুযোগ খুঁজছে। তাঁর আশঙ্কা, তাঁরা কখন এবং কী ভাবে মুখ্যমন্ত্রীর ক্ষতি করা যায়, তা দেখছে।

    প্রশ্ন: কেন মুখ্যমন্ত্রীর উপর হামলার আশঙ্কা করছেন শিশির?

    উত্তর: তাঁর মতে, কয়লা, গোরু ও বালি পাচারের বিরুদ্ধে অভিযানে একাধিক দুষ্কৃতী ও স্বার্থান্বেষী গোষ্ঠীর স্বার্থে আঘাত লেগেছে। সেই কারণেই মুখ্যমন্ত্রীর উপর তাঁদের রাগ থাকতে পারে।

    প্রশ্ন: মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কী বলেছেন শিশির?

    উত্তর: রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, নিরাপত্তা সংস্থা এবং বিজেপি—সবাই মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় সতর্ক রয়েছে বলে জানিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)