ভয় কম-ভরসা বেশি, এই বিশ্বাসেই দু'যুগ পর শহরে তসলিমা
আজকাল | ৩১ জুলাই ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: 'আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি!আবার বছর কুড়ি পরে—'শহর কি কথা বলে? বলে না? বলে বুঝিবা। গত কয়েকদিন ধরে, এই শহর, শহরের মানুষজন আওড়েছেন- 'জীবন গিয়েছে চ’লে আমাদের কুড়ি-কুড়ি বছরের পার— তখন আবার যদি দেখা হয় তোমার আমার!'
সেই অপেক্ষার অবসান হল শুক্র সকালে। শহরে তখন ঘোর বর্ষা দিনে হালকা রোদ। বিমান বন্দরে ভিড়। সেই ভিড়ের মাঝে লাল পাড়-সাদা শাড়ি, কপালে লাল টিপ, তসলিমা দাঁড়ালেন সকলের সামনে। মুখের হাসি আরও খানিকটা চওড়া করে তিনি বললেন, 'খুব ভাল লাগছে।' তারপর বললেন, 'আপনাদের সকলকে ধন্যবাদ।'
২০০৭ সাল। শহর ছাড়তে হয় তসলিমাকে। তারপর প্রায় দু'দশক। বামপন্থী হোক বা তৃণমূল সরকার, কোন আমলেই তাঁর ঠাঁই হয়নি কলকাতায়। ঢুকতে দেওয়া হয়নি পশ্চিমবঙ্গে। সেই সময় তাঁর মেগাসিরিয়ালের টেলিভিশন সম্প্রচার বন্ধ করা হয়েছে। তাঁর বইয়ের প্রকাশ অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এবার ফিরছেন। তসলিমাকে কলকাতায় আমন্ত্রণ জানায় কলকাতায় আমন্ত্রণ জানিয়েছে 'সেকুলার মিশন' নামক একটি সংগঠন। যার কর্ণধার ওসমান গণি মল্লিক। তবে তাঁর এই আগমনে নিরাপত্তার ব্যবস্থা করেছে রাজ্য সরকার।
শুক্রবার কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার আগে, সমাজমাধ্যমে নিজের একটি ছবি ভাগ করে তিনি লেখেন, 'আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।) ওই পোস্টে তসলিমাকে দেখা গিয়েছে লাল পাড় সাদা শাড়িতে। প্রাণের শহরে ফেরার আগে, তাঁর সাজে ধরা পড়েছে একেবারে বাঙালিয়ানা।
লেখিকা শহরে পা দিতেই, অনুরাগী পাঠককুল বলছেন, বিজেপি সরকারের জমানা। ভয় কম-ভরসা বেশি। তসলিমা কি সেই বিশ্বাসেই পা রাখলেন প্রাণপ্রিয় শহরে? এই সরকারের 'ভয় কম' বার্তা নিশ্চিন্তি দিতে পারল তাঁকে?