• জইশ-যোগে গ্রেপ্তারি প্রসঙ্গে কী মন্তব্য শুভেন্দুর?
    আজকাল | ৩১ জুলাই ২০২৬
  • দীক্ষা ভুঁইয়াঃ পূর্ব বর্ধমানে জইশ-ই-মহম্মদের (জেইএম) সঙ্গে যোগের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতারের ঘটনায় এখনই কোনও মন্তব্য করতে চান না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং এর সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত। তাই তদন্তের স্বার্থে এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।

    মুখ্যমন্ত্রী বলেন, ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া ইলেকট্রনিক ডিভাইসগুলির ফরেনসিক বিশ্লেষণ এখনও চলছে। তদন্তে আরও একাধিক তথ্য যাচাই করা বাকি রয়েছে। সেই কারণেই শনিবার রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) সাংবাদিক বৈঠক করে তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানাবে।

    তিনি বলেন, “এটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। এর সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত। এই মুহূর্তে কোনও মন্তব্য করা উচিত হবে না। এসটিএফ তদন্তের ভিত্তিতে যা বলার, তারাই বলবে।”

    জাতীয় নিরাপত্তার প্রশ্নে রাজনৈতিক মন্তব্য না করার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী ২০২২ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নবান্ন সফরের প্রসঙ্গও তোলেন। তাঁর দাবি, সে সময় সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে বলেছিলেন, “দেশের স্বার্থ সবার আগে, রাজনীতি পরে।” সেই নীতিতেই বর্তমান সরকার কাজ করছে বলেও দাবি করেন তিনি।

    সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বারবার বলেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এসটিএফ এবং ডিজিপির নেতৃত্বে তদন্ত চলছে। তাই এই পর্যায়ে মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা অন্য কোনও রাজনৈতিক ব্যক্তিকে তদন্তের সঙ্গে জড়িয়ে মন্তব্য করা উচিত নয়। তিনি স্পষ্ট জানান, তদন্তে যা উঠে আসবে, তার ভিত্তিতেই এসটিএফ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করবে।
  • Link to this news (আজকাল)