আজকাল ওয়েবডেস্ক: ভবানীপুরের সঙ্গেই নন্দীগ্রাম থেকেও ভোট জিতেছিলেন শুভেন্দু অধিকারী। যদিও তিনি ভবানীপুরের বিধায়ক পদ রেখে, নন্দীগ্রাম থেকে সরে দাঁড়ান। ফলে ওই আসনে উপনির্বাচন হবে। অন্যদিকে উপনির্বাচন হবে রেজিনগর কেন্দ্রেও। সেখান থেকে সরে দাঁড়িয়েছেন হুমায়ুন। তিনিও দুই আসনেই বিধানসভা ভোট জিতেছিলেন। তিন আসনে রাজ্যসভার উপনির্বাচনের সময়েই জল্পনা তুঙ্গে ওঠে, এবার দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে কবে?
নন্দীগ্রাম ও বিধানসভা উপনির্বাচনে রণকৌশল করে ভোটের প্রস্তুতি শুরু। যদিও দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, তবে উপনির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দিল বিজেপি, এমনটাই সূত্রের খবর। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ও সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোকে। নন্দীগ্রাম বিধানসভা আসন মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর নিজের গড়। খুব শীঘ্রই নন্দীগ্রামে গিয়ে তিনি দায়িত্ব নেবেন এমনটাই সূত্রের খবর। অন্যদিকে, রেজিনগর আসনের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য বিজেপির সহসভাপতি প্রবাল রাহাকে। সাংগঠনিক প্রস্তুতি, জনসংযোগ প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রবাল রাহা ও খুব শীঘ্রই রেজিনগর যাবেন বলেই খবর সূত্রের।
নন্দীগ্রাম বিধানসভা মুখ্যমন্ত্রীর নিজের গড়। ২০১৬ সাল থেকে নন্দীগ্রাম বিধানসভায় লড়াই করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি তিনবারই সেখান থেকে জয়লাভ করেছেন। তিনি এবছর দু'টি আসন থেকে লড়াই করেছিলেন। নন্দীগ্রাম ও ভবানীপুর বিধানসভা। যেহেতু নন্দীগ্রাম মুখ্যমন্ত্রীর নিজের গড়, স্বাভাবিকভাবেই এই আসনের গুরুত্ব রয়েছে। জ্যোতির্ময় কে দায়িত্ব দেওয়া সেটিও অন্যতম কারণ বলে খবর সূত্রের। তিনি দীর্ঘদিন ধরে বিজেপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন। পাশাপাশি তিনি টানা দু'বারের সাংসদ।
অন্যদিকে রেজিনগর বিধানসভা থেকে জয়লাভ করেছিলেন হুমায়ুন কবির। সেই আসন ও বিজেপির কাছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ। প্রবাল রাহা অন্যতম হেভিয়েট নেতা। তাঁর উপরেই ভরসা ওই কেন্দ্রের জন্য, সূত্রের খবর তেমনটাই।