হলদিয়ার মহকুমা হাসপাতালে (Haldia Hospital) সারপ্রাইজ ভিজিট করলেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তরের মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee)। এই হাসপাতালের পরিস্থিতি দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। হলদিয়া মহকুমা হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও পরিষেবা খতিয়ে দেখে তিনি একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন।
হাসপাতালের পুরনো ভবনের অবস্থা অত্যন্ত বিপজ্জনক বলে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি জানান, দ্রুত এ বিষয়ে রাজ্য সরকার ব্যবস্থা নেবে। ৪৮ ঘণ্টার মধ্যে ভবনের অবস্থা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়ে হলদিয়া উন্নয়ন পর্ষদের (এইচডিএ) চেয়ারম্যান, মহকুমাশাসক ও সিএমওএইচকে দায়িত্ব দেন তিনি। মন্ত্রী আরও জানান, নতুন হাসপাতাল ভবন নির্মাণে সময় লাগবে। শিল্পাঞ্চলের বাসিন্দাদের চিকিৎসা পরিষেবা যাতে ব্যাহত না হয়, তার জন্য আইওসি ও হলদিয়া বন্দর কর্তৃপক্ষের হাসপাতালের সহযোগিতা নেওয়ার কথা বলেন মন্ত্রী। পাশাপাশি, এইচডিএর ট্রমা সেন্টার আগামী দু’মাসের মধ্যে চালু করাও নির্দেশ দেন তিনি।
শুক্রবার সকাল সাড়ে ১০ টা নাগাদ আচমকা হলদিয়া মহকুমা হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের সময় হাসপাতালের পরিচ্ছন্নতা, নজরদারির ঘাটতি এবং অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। দায়িত্বে গাফিলতির অভিযোগে একাধিক আধিকারিককে শোকজের হুঁশিয়ারি দেন। কেন্দ্রীয় সরকারের দেওয়া একাধিক বেড দীর্ঘদিন ব্যবহার না হয়ে হাসপাতালে অবহেলায় পড়ে রয়েছে। সেসব নষ্ট হতে দেখে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। কতগুলি বেড অব্যবহৃত অবস্থায় রয়েছে, তার লিখিত রিপোর্ট বিধায়কের মাধ্যমে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। এছাড়াও হাসপাতালের ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী। পরিষেবাকে আরও শৃঙ্খলাবদ্ধ করার উপর জোর দেওয়ার কথাও বলেন।