২৪২টি গাড়ি, অ্যাকাউন্টে ৯৩ কোটি, ‘মমতার সমর্থন ছাড়া হতে পারে না’, টুলুর বিরুদ্ধে কড়া ‘অ্যাকশন’ শুভেন্দুর
প্রতিদিন | ৩১ জুলাই ২০২৬
কাঁড়ি কাঁড়ি সম্পত্তি একদিনে সম্ভব নয়। নেপথ্যে যোগ ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলুর দুর্নীতির পর্দাফাঁস প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। এখনও পর্যন্ত ঠিক কোন কোন সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে টুলুর, শুক্রবার সাংবাদিক বৈঠকে তা স্পষ্ট করেন তিনি। এই দুর্নীতির সঙ্গে যে বা যারা যুক্ত, তাদের বিরুদ্ধে কড়া ‘অ্যাকশনে’র হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী।
টুলু মণ্ডলের (Tulu Mondal) পাহাড়প্রমাণ সম্পত্তির বিবরণ দিয়ে শুভেন্দু বলেন, “টুলু মণ্ডলের বিভিন্ন অ্য়াকাউন্টে থাকা ৯৩ কোটি টাকা ফ্রিজ করেছি। এছাড়া নগদ ৫৩ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছি। ২৬৮ গ্রাম সোনা, ৪০০ গ্রাম রুপো ও ৬৩ গ্রাম প্ল্যাটিনাম। ৩টি টাকা গোনার মেশিন, ১ কম্পিউটার ও সিপিইউ, ২টি পেনড্রাইভ পাওয়া গিয়েছে। ৮৩টি ট্রাক ও ডাম্পার। বিএমডব্লিউ, অডি মিলিয়ে মোট ২৪২টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।” শুভেন্দু আরও বলেন, “মোট ২১টি সম্পত্তির খোঁজ। তাম মধ্যে রয়েছে ৭টি বাড়ি, ১টি ফার্মহাউস, ২টি পেট্রল পাম্প, ১টি পার্কিং, ২টি ক্রাশার। সবমিলিয়ে ৩০০ বিঘা সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে।”
দুর্নীতির মাথাদের রেয়াত করা হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, “মূল মাথার খোঁজে যা যা করার করব। এত বড় দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। এতদিন ধরে এত বড় দুর্নীতি, সবাই যুক্ত রয়েছে। এটা একদিনের একটা ঘটনা নয়। আমার রাজ্যে কী ঘটছে, তার জন্য আমি দায়ী নয়। কিন্তু তারপর কী ব্যবস্থা নিচ্ছেন, সেটাই আসল। এত সম্পত্তি তো একদিনে হয় না। এতদিন ধরে কী করছিলেন? উঁচুতলা থেকে নির্দেশ না গেলে, এটা হয় না। বেচারি পুলিশ, জেলাশাসককে দোষ দিয়ে কী লাভ আছে। তবে যারা যুক্ত তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে, এখনও বেপাত্তা টুলু। মুখ্যমন্ত্রীর অনুমান, গত ৪ মে-র পরই বিদেশে গিয়ে গা ঢাকা দিয়েছেন টুলু। রাজ্য় পুলিশের প্রশংসা করে শুভেন্দুর বিশ্বাস, টুলুকে খুঁজে বের করবেন তদন্তকারীরা।