সারোগেসিতে ইচ্ছুক ব্যক্তির বয়সে আপত্তি ম্যাজিস্ট্রেটের, এক্তিয়ার মনে করিয়ে বড় রায় হাই কোর্টের
প্রতিদিন | ৩১ জুলাই ২০২৬
সারোগেসিতে ইচ্ছুক দম্পতির বয়স বা স্বাস্থ্য যাচাই করা কখনই ম্যাজিস্ট্রেটের কাজ নয়। তার জন্য ভিন্ন কর্তৃপক্ষ আছেন। সারোগেসি পরবর্তীতে আইনি দিকগুলি বিবেচনাই শুধুমাত্র ম্যাজিস্ট্রেটের এক্তিয়ারের মধ্যে পড়ে। দক্ষিণ ২৪ পরগনার এক দম্পত্তির মামলায় রায় ঘোষণা কলকাতা হাই কোর্টের। ম্যাজিস্ট্রেটের নির্দেশও খারিজ করে সাত দিনের মধ্যে দম্পতির আবেদন নতুন করে বিবেচনা করতে বলা হয়েছে।
সারোগেসির মাধ্যমে সন্তান চেয়ে আলিপুর আদালতের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছিলেন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা এক দম্পতি। জেলা মেডিক্যাল বোর্ড থেকে প্রয়োজনীয় শংসাপত্র তাঁরা সংগ্রহ করেন আগে। অভিযোগ, দম্পতির মেডিক্যাল সার্টিফিকেট ও সারোগেট মায়ের বিভিন্ন শংসাপত্র যাচাই করে তাঁদের আবেদন খারিজ করে দেন ম্যাজিস্ট্রেট। তিনি জানান, ওই দম্পতির সার্টিফিকেটগুলির বৈধতার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। সারোগেট মায়ের স্বাস্থ্যগত শংসাপত্রেও প্রয়োজনীয় তথ্যের অভাব রয়েছে। এছাড়াও আবেদনকারী বাবার বয়স নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ম্যাজিস্ট্রেট। জানানো হয়, ৫৫ বছর বয়স পেরিয়ে যাওয়ায় সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার উপযুক্ত নন তিনি। এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হন ওই দম্পতি।
বিচারপতি কৌশিক চন্দের এজলাসে এই মামলার শুনানি হয় শুক্রবার। বিচারপতি জানান, সারোগেসির ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের এক্তিয়ার সীমিত। দম্পতির বয়স বা স্বাস্থ্য যাচাই করতে পারেন না তিনি। মা স্বেচ্ছায় এই পদ্ধতিতে সম্মতি দিয়েছেন কি না, কেবল সেটাই নিশ্চিত করবেন ম্যাজিস্ট্রেট এবং ভবিষ্যতে সারোগেট মা ওই সন্তানের অভিভাবকত্ব দাবি করবেন না-এই শর্তও সুনিশ্চিত করতে হবে ম্যাজিস্ট্রেটকেই। অর্থাৎ কেবলমাত্র আইনি দিকগুলি ছাড়া অন্য কোনও বিবেচনা চিনি করতে পারবেন না।
উল্লেখ্য, ২০২১ সালের সারোগেসি আইন অনুযায়ী, টাকা নিয়ে গর্ভ ভাড়া দেওয়া বা বাণিজ্যিক সারোগেসি নিষিদ্ধ করা হয়েছে। বাবা-মা হতে ইচ্ছুক দম্পতি যদি সন্তানধারণে অক্ষম হন, তাহলে শারীরিক সমস্যার কারণ দেখিয়ে সারোগেসির দ্বারস্থ হতে পারেন। সেক্ষেত্রে সারোগেট মা হিসেবে কোনও উপযুক্ত মহিলাকে নির্বাচন করা হয়। ওই দম্পতির সন্তান নিজের গর্ভে ধারণ করেন তিনি এবং জন্মের পর সেই সন্তানকে বাবা-মায়ের হাতে তুলে দেন। গর্ভে ধারণ করলেও সদ্যোজাতের উপর কোনও আইনি অধিকার থাকে না সারোগেট মায়ের। দম্পতির শারীরিক সমস্যা না থাকলে এই অনুমতি দেওয়া হয় না।