‘শুধু আমি নই’, জইশের স্ক্যানারে রাজ্যের আরও এক মন্ত্রী! জঙ্গি হামিদ গ্রেপ্তারে মুখ খুললেন শুভেন্দু
প্রতিদিন | ৩১ জুলাই ২০২৬
বর্ধমান থেকে জইশ-ই-মহম্মদ জঙ্গি সন্দেহে হামিদ মণ্ডলকে গ্রেপ্তারের (Terrorist Arrested in Bardhaman) ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। শুধু তিনি নন, জইশের স্ক্যানারে আরও অনেকেই রয়েছেন বলে জানান তিনি। তার মধ্যে রয়েছেন রাজ্যের মন্ত্রী উমেশ রাইও। যদিও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণে তিনি এবিষয়ে বেশি কিছু বলতে চাননি।
বৃহস্পতিবার বর্ধমানের রেনেসাঁ আবাসন থেকে গ্রেপ্তার করা হয় হামিদ মণ্ডল নামে এক জইশ জঙ্গিকে। ধৃতের কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরসূচির খুঁটিনাটি বিবরণ ছিল। অভিযোগ, মুখ্যমন্ত্রীকে হামলার ষড়যন্ত্র করছিল ধৃত হামিদ। এর পিছনে জইশ যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। শুভেন্দুর পাশাপাশি আরও বেশ কয়েকজন ভিআইপি জইশের স্ক্যানারে ছিল বলে জানা যায়। আজ, শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীও সেই দিকেই ইঙ্গিত করেনন। তিনি বলেন, “শুধু আমি নই। আমাদের এমওএস উমেশ রাইও এই স্ক্যানারে ছিলেন। আগামিকাল সাংবাদিক বৈঠক করে এসটিএফ সব তথ্য জানাবে।”
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “এটি ভীষণ স্পর্শকাতর বিষয়। আমি বেশি কিছু বলব না। এর সঙ্গে আন্তর্জাতিক চক্র জড়িয়ে। জাতীয় নিরাপত্তার বিষয় রয়েছে। এসটিএফ সাংবাদিক বৈঠক করে সব জানাবে। এখনও অনেক কিছু জানা, বোঝা বাকি আছে এসটিএফের।”
উল্লেখ্য, হামিদের কাছ থেকে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরসূচির বিবরণ পাওয়া গিয়েছে। শুভেন্দু কোথায় যাবেন, তাঁর গাড়ি কোথায় পার্ক করা হবে, তিনি কখন গাড়িতে উঠবেন, পরবর্তী কর্মসূচি কী আছে, বাড়ি থেকে বেরিয়ে কোথায় কোথায় যাবেন এসব তথ্য ধৃতের কাছে ছিল। মুখ্যমন্ত্রীর উপর হামলা চালাতেই তাঁর সফরসূচির খুঁটিনাটি বিবরণ হামিদ জোগাড় করেছিল বলে অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী ছাড়াও একাধিক ভিআইপি ব্যক্তির সফরসূচির বিবরণ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী জানান, শুধু তিনি নন, মন্ত্রী উমেশ রাইও জইশ জঙ্গি হামিদের স্ক্যানারে ছিলেন।