কাবেরী নদীর জল বন্টন নিয়ে দুই রাজ্যের গোলমালের আঁচ জননয়গণ সিনেমায়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অভিনীত ওই সিনেমা প্রদর্শনের বিরোধিতা করে শুক্রবার বিক্ষোভ দেখাচ্ছেন কর্নাটকের কৃষক ও কন্নড়পন্থী লোকজন। পরিস্থিতি এমনই যে, কর্নাটকের অনেক প্রেক্ষাগৃহে জননয়গণ সিনেমা দেখানো বন্ধ। সিনেমার পোস্টারও ছিঁড়ে ফেলা হয়েছে অনেক হলে। কর্নাটকের পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, কাবেরী নদীর জল তামিলনাড়ুতে না পাঠানোর দাবিতে বিক্ষোভ চরমে।
গত ২৩ জুলাই মুক্তি পেয়েছে বিজয় অভিনীত জননয়গণ। কর্নাটকের ১২৫-১৫০ সিনেমা হলে ছবিটি মুক্তি পায়। তার মধ্যে রয়েছে সিঙ্গল স্ক্রিনের ৭৫টি হল এবং ৫০টি মাল্টিপ্লেক্স। কাবেরী নদীর জলবন্টন ইস্যুতে শুক্রবারের পরিস্থিতি এমনই যে অনেক সিনেমা হলের মালিক আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা করে সিনেমা দেখানো বন্ধ রেখেছেন। সূত্রের খবর, সিনেমা হলের কর্মীরাও বিক্ষোভ সামিল হয়ে জননয়গণের পোস্টার ছিঁড়ে ফেলেছেন।
একটি সূত্রের খবর, বেঙ্গালুরুর উর্বশী হলে জননয়গণ সিনেমা দেখানো বন্ধ রেখেছে পুলিশ অ্যাডভাইসরি মেনে। হল থেকে সিনেমার পোস্টার ও অভিনেতা বিজয়ের বড় বড় কাট আউট ছিঁড়ে ফেলেছেন হলের কর্মীরাই। জননয়গণের বদলে কন্নড় ফিল্ম 'কারাভালি' দেখানো হচ্ছে। উর্বশী সিনেমা হলের বাইরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মান্ডিয়া এলাকায় কন্নড়পন্থী বিক্ষোভকারীরা জননয়গণের প্রোমোশনার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটি (CWMA) কাবেরী ওয়াটার রেগুলেশন কমিটির সুপারিশ মেনে নিয়েছে। ওই সুপারিশ অনুযায়ী, আপাতত ১৫ দিন তামিলনাড়ুতে প্রতিদিন সাড়ে তিন হাজার কিউসেক কাবেরী নদীর জল পাঠাতে হবে। কিন্তু তামিলনাড়ুতে কাবেরীর জল পাঠাতে নারাজ কর্নাটকের কৃষকরা ও বিক্ষোভকারীরা। তাঁদের বক্তব্য, কর্নাটকে এমনিতেই জলের সমস্যা রয়েছে। তামিলনাড়তে নদীর জল পাঠানো হলে সমস্যা বাড়বে কৃষকদের।
এক নজরে
কেন 'জননয়গণ' সিনেমার প্রদর্শন বন্ধ রাখা হয়েছে?
কাবেরী নদীর জল তামিলনাড়ুতে পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে কৃষক ও কন্নড়পন্থীরা ক্ষুব্ধ। যেহেতু এটি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়ের সিনেমা, তাই তামিলনাড়ুর প্রতি ক্ষোভ উগরে দিতেই বিক্ষোভকারীরা কর্নাটকে এই সিনেমার প্রদর্শন বন্ধ করে দিয়েছেন।
'জননয়গণ' কর্নাটকের কতগুলি সিনেমা হলে মুক্তি পেয়েছিল?
গত ২৩ জুলাই সিনেমাটি কর্নাটকের প্রায় ১২৫ থেকে ১৫০টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল, যার মধ্যে ৭৫টি সিঙ্গল স্ক্রিন এবং ৫০টি মাল্টিপ্লেক্স ছিল।
বেঙ্গালুরুর উর্বশী সিনেমা হলে বর্তমানে কী পরিস্থিতি?
পুলিশের সতর্কবার্তা মেনে উর্বশী হলে 'জননয়গণ' দেখানো বন্ধ রয়েছে এবং সেখানে কন্নড় ফিল্ম 'কারাভালি' দেখানো হচ্ছে। হলের কর্মীরাই বিজয়ের কাটআউট ও পোস্টার ছিঁড়ে ফেলেছেন এবং নিরাপত্তার জন্য হলের বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
কাবেরী নদীর জলবণ্টন নিয়ে ঠিক কী নির্দেশ দেওয়া হয়েছে?
কাবেরী ওয়াটার রেগুলেশন কমিটির সুপারিশ মেনে কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটি (CWMA) নির্দেশ দিয়েছে যে, কর্নাটককে আপাতত ১৫ দিনের জন্য প্রতিদিন সাড়ে তিন হাজার কিউসেক জল তামিলনাড়ুতে পাঠাতে হবে।
কর্নাটকের কৃষকরা জল ছাড়ার প্রতিবাদ করছেন কেন?
কৃষকদের বক্তব্য হলো, কর্নাটকে এমনিতেই তীব্র জলের সমস্যা রয়েছে। এই অবস্থায় নদীর জল তামিলনাড়ুতে পাঠালে কর্নাটকের কৃষকদের সংকট আরও বাড়বে।