• বাংলার রেল প্রকল্পে জট কাটছে, তিনগুণ বরাদ্দের দাবি কেন্দ্রের, কী জানালেন রেলমন্ত্রী?
    এই সময় | ৩১ জুলাই ২০২৬
  • পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামোর উন্নয়নে গত কয়েক বছরে উল্লেখযোগ্য হারে বরাদ্দ বেড়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নে লিখিত জবাবে তিনি জানিয়েছেন, রাজ্যে একাধিক রেল প্রকল্পের জমি অধিগ্রহণের কাজেও গতি এসেছে। সেই সঙ্গে মুখ্যসচিবের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করে প্রকল্পগুলির অগ্রগতি ত্বরান্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

    রেলমন্ত্রীর লিখিত জবাব অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে পশ্চিমবঙ্গে রেল প্রকল্পের জন্য বছরে গড়ে ৪,৩৮০ কোটি টাকা বরাদ্দ করা হতো। ২০২৬-২৭ অর্থবর্ষে সেই বরাদ্দ বেড়ে হয়েছে ১৪,২০৫ কোটি টাকা। অর্থাৎ আগের তুলনায় তিনগুণেরও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে।

    বর্তমানে পশ্চিমবঙ্গে সম্পূর্ণ বা আংশিক ভাবে মোট ৬৩টি রেল প্রকল্প অনুমোদিত রয়েছে। এর মধ্যে রয়েছে ১৪টি নতুন রেললাইন, ৪টি গেজ পরিবর্তনের প্রকল্প এবং ৪৫টি ডাবলিং প্রকল্প। সব মিলিয়ে ৫,১৪৮ কিলোমিটার রেলপথের এই প্রকল্পগুলির মোট ব্যয় ধরা হয়েছে ৮৩,৪৩৩ কোটি টাকা। এর মধ্যে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ১,৭২১ কিলোমিটার রেললাইন চালু হয়েছে এবং প্রকল্পগুলিতে ২৭,৯৪৯ কোটি টাকা খরচ করা হয়েছে।

    রেলমন্ত্রী জানিয়েছেন, ২০২৬ সালের মে মাস থেকে পশ্চিমবঙ্গে জমি অধিগ্রহণের কাজে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তার ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা একাধিক প্রকল্পেও কাজ এগোতে শুরু করেছে।

    যে প্রকল্পগুলিতে জমি অধিগ্রহণে অগ্রগতি হয়েছে, তার মধ্যে রয়েছে—

    কালিয়াগঞ্জ–বুনিয়াদপুর নতুন রেললাইন: উত্তর দিনাজপুরে ৪৬ হেক্টর জমির জন্য অ্যাওয়ার্ড (ক্ষতিপূরণের জন্য কত টাকা দেওয়া হবে) প্রকাশ হয়েছে। দক্ষিণ দিনাজপুরে আরও ১২২ হেক্টর জমি অধিগ্রহণের প্রাথমিক বিজ্ঞপ্তিও জারি হয়েছে।

    নৈহাটি–রানাঘাট তৃতীয় রেললাইন: জমির মালিকানা সংক্রান্ত সমস্যা মিটেছে। একাধিক মৌজায় জমি অধিগ্রহণের প্রক্রিয়া এগিয়েছে।

    সাঁইথিয়া বাইপাস প্রকল্প: জমি অধিগ্রহণের প্রাথমিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

    আনাড়া রেল ফ্লাইওভার এবং গৌরীনাথধাম রেল ফ্লাইওভার: জমি অধিগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়োগ করে প্রক্রিয়া শুরু হয়েছে।

    নবদ্বীপঘাট–নবদ্বীপধাম নতুন রেললাইন: জমির মূল্য পুনর্মূল্যায়নের কাজ শুরু করেছে রাজ্য সরকার।

    রেলমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে রেল প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং বিভিন্ন জট কাটাতে রাজ্য সরকার মুখ্যসচিবের নেতৃত্বে একটি স্টেট-লেভেল টাস্ক ফোর্স গঠন করেছে। এই কমিটি বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করবে এবং সমন্বয়ের মাধ্যমে সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবে।

  • Link to this news (এই সময়)