Big Breaking: হাওড়া স্টেশনে ব্যহত ট্রেন চলাচল। হাওড়ার ১ থেকে ৪ নম্বর প্ল্যাটফর্মে শুক্রবার দুপুরে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। রেল সূত্রের খবর, স্টেশনের ওই অংশের প্ল্যাটফর্মে ঢোকার একটু আগে লাইনের উপর ওভারহেড তারে কোনও সমস্যা হয়েছে। সেই কারণে ধাক্কা খেয়েছে ট্রেন চলাচল। দ্রুত মেরামতির কাজ চালানো হয়েছে বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি। ঘণ্টা দেড়েক পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
হাওড়া স্টেশনে ঢোকার মুখে লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। ওভারহেড তারে সমস্যা দেখা দেওয়ায় এই বিপত্তি হয়েছে। শুক্রবার দুপুর দু’টো নাগাদ আপ বর্ধমান স্পেশাল ট্রেন প্রথম সমস্যার মুখে পড়ে। রেল সূত্রের খবর, ট্রেনটি যখন হাওড়া স্টেশন ছেড়ে রওনা দেয়, তখন প্রায় একশো মিটার দূরে গিয়ে রুট রিলে ইন্টারলকিং কেবিনের সামনে দাঁড়িয়ে যায়। এমন জায়গায় এই ঘটনাটি ঘটেছে, যেখানে হাওড়া স্টেশনে ঢোকার মুখে বেশ কয়েকটি লাইন ব্লক হয়ে যায়। এর ফলে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। বেশ কিছু লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়ে।
যাত্রীদের অনেককেই বাধ্য হয়ে প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইন ধরে হাঁটতে হাঁটতে হাওড়া স্টেশনের দিকে রওনা দেন। রেল সূত্রে খবর, ১ থেকে ৪ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত ট্রেন চলাচল সবচেয়ে বেশি ব্যাহত হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, রেল ইঞ্জিনিয়াররা যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ করেন। শুক্রবার দুপুর সাড়ে তিনটে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়। তার পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।