গেঞ্জির কারখানায় বয়লার ফেটে দুর্ঘটনা দত্তপুকুরের তালধারিয়ায়। ওই এলাকার ঘোষ পাড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। বয়লার ফেটে একজন মারা গিয়েছেন, জখম হয়েছেন একজন। মৃত ব্যক্তির নাম সঞ্জয় সামন্ত (৫৫)। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে দত্তপুকুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তে। গুরুতর আহত একজনকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এই কারখানাতে গেঞ্জির থান কাপড়ে কালার পেস্ট করা হতো। কারখানায় বয়লারের মাধ্যমে গরম জলের স্টিম থেকে বাকি যন্ত্রপাতি চলত। অতিরিক্ত স্টিম হয়ে যাওয়ার কারণে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে প্রশাসন মনে করছে। স্থানীয়দের অভিযোগ, বয়লার মেশিনগুলির কোনও রক্ষণাবেক্ষণ হতো না। তদন্তের জন্য ফরেন্সিক টিমকে ডাকা হয়েছে। ওই কারখানার ম্যানেজারকে জিজ্ঞাসা করার জন্য আটক করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই কারখানাগুলি চলছে। কিন্তু দেখভাল হতো না যন্ত্রপাতির, তা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ হয়নি বলে দাবি স্থানীয়দের। আপাতত কারাখানাটি প্রশাসনের তরফ থেকে সিল করে দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে দত্তপুকুর থানার পুলিশ।