• মুষলধারে বৃষ্টির মাঝেই প্রতিমায় মাটির ছোঁয়া! পাথরপ্রতিমায় 'নারীশক্তি'র শারদ বন্দনা শুরু
    News18 বাংলা | ০১ আগস্ট ২০২৬
  • : পাথরপ্রতিমায় শুরু হয়ে গেল মহিলা পরিচালিত পুজোর কাজ। বাইরে প্রবল বৃষ্টি, তার মধ্যেই ঘরের ভিতরে তৈরি করতে হচ্ছে প্রতিমা। সেই কাজে হাত লাগিয়েছেন পাথরপ্রতিমার বৈশাখী, কল্পনা, মঞ্জুশ্রীর মতো আরও অনেকেই। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে জেলার বিভিন্ন মৃৎশিল্পীদের কার্যালয়ে এখন উদ্যোক্তাদের ভিড় বাড়ছে। শহরের আয়োজনকে টেক্কা দিতে এবারও প্রত্যন্ত গ্রামাঞ্চলে শুরু হয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি। সেই প্রস্তুতির সঙ্গে তাল মিলিয়ে পাথরপ্রতিমার সম্পূর্ণ মহিলা পরিচালিত দুর্গাপুজো কমিটি প্রতিমা নির্মাণের সূচনা করেছে।

    পাথরপ্রতিমা ব্লকের গঞ্জের বাজারের নিত্যবালা মৃৎশিল্পালয়ে প্রতিমার গায়ে মাটি দেওয়ার আচার সম্পন্ন হয়। প্রায় শতাধিক মহিলা শঙ্খধ্বনি, উলুধ্বনি ও বরণের মধ্য দিয়ে এই শুভ অনুষ্ঠানে অংশ নেন। পুজো কমিটির সদস্যাদের দাবি, নারীশক্তির উদ্যোগে আয়োজিত এই দুর্গাপূজা আগামী দিনে পাথরপ্রতিমা ব্লকের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে এবং ব্লকের যে কোনও বড় পূজার সঙ্গে সমানতালে পাল্লা দেওয়ার সক্ষমতা রাখবে। এই আয়োজনের মাধ্যমে নারী নেতৃত্ব ও সামাজিক অংশগ্রহণের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে দাবি উদ্যোক্তাদের।

    এ নিয়ে মঞ্জুশ্রী মাইতি জানান, তাঁরা এই পুজোর সব কিছুই দায়িত্ব নেন। শুরু থেকেই শেষ পর্যন্ত সব কিছুতে থাকেন তাঁরা। কাঠামোয় মাটি দেওয়া থেকে শুরু হয় কাজ। এরপর বিসর্জন পর্যন্ত প্রতি ধাপে তাঁদের অংশগ্রহণ থাকে। শহরে যেমন মহিলা পরিচালিত পুজো থাকে সেই ধাঁচে পাথরপ্রতিমাতেও এই কাজ করেন তাঁরা। বিগত বছরগুলিতে তাঁদের পুজো নজর কেড়েছিল সকলের। এবছর সেই জাঁকজমক আরও বাড়াতে চায় তারা। সেই লক্ষেই জোর কদমে কাজ শুরু করেছেন তাঁরা। এই কাজ যখন শুরু করেছিলেন তাঁরা তখন সকলের পাশে পেয়েছিলেন তাঁরা। এখনও গ্রামবাসীদের পাশে পান তাঁরা। প্রতিমা তৈরির কাজে গ্রামবাসীরাও এই কাজে হাত লাগান। মহিলাদের এই পুজোর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গ্রামবাসীরা।
  • Link to this news (News18 বাংলা)