• : পিসির জন্য ভাইপো গ্রেফতার! বিক্ষোভে পথে এলাকাবাসী
    News18 বাংলা | ০১ আগস্ট ২০২৬
  • নবদ্বীপ, নদিয়া, : নদিয়ার নবদ্বীপ স্বরূপগঞ্জ এলাকায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় অভিযুক্ত হিসেবে বাপ্পা পাল নামে এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ১ কেজি ৮০০ গ্রাম। পাশাপাশি নগদ আনুমানিক সাড়ে সাত লক্ষ টাকাও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি। ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত বাপ্পা পাল পেশায় একজন অটোচালক। তিনি নিজের অটো চালান না, অন্যের অটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এর আগে তিনি কয়েক বছর ভিন রাজ্যে কাজ করতেন। প্রায় দেড় বছর আগে বাড়ি ফিরে এসে অটো চালানোর কাজ শুরু করেন।

    এলাকাবাসীর অভিযোগ, বাপ্পা পালের অবিবাহিত পিসি রাধারানী পাল অনেক বছর ধরে গাঁজার ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁদের দাবি, এলাকায় বহুদিন ধরেই এই ব্যবসা চললেও বাপ্পা পালের সঙ্গে ওই কারবারের কোনও সম্পর্ক নেই।

    পুলিশের সূত্রে জানা গিয়েছে, বাপ্পা পালকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তদন্তের স্বার্থে তাঁর মা এবং পিসি রাধারানী পালেরও থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। স্থানীয়দের অভিযোগ, রাধারানী পালই দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন। যদিও এই অভিযোগের সত্যতা এখনও পুলিশিভাবে নিশ্চিত করা হয়নি।

    অন্যদিকে, বাপ্পা পালকে পুলিশ থানায় নিয়ে যাওয়ার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। গ্রামবাসীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের দাবি, বাপ্পা পাল নির্দোষ এবং তাঁকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

    পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া মাদক কোথা থেকে এসেছে, কারা এর সঙ্গে জড়িত এবং এই চক্রের সঙ্গে আর কারও যোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

    মৈনাক দেবনাথ
  • Link to this news (News18 বাংলা)