• এবার কি বাংলা পাবে রাজনীতি 'মুক্ত' শিক্ষা?
    আজকাল | ০১ আগস্ট ২০২৬
  • বিউ সরকার: রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ১৫টি বিশ্ববিদ্যালয়ের কোর্ট ও এক্সিকিউটিভ কাউন্সিলে উচ্চশিক্ষা দপ্তরের মনোনীত প্রতিনিধি হিসেবে শীর্ষ সরকারি আধিকারিকদের নিয়োগ করল রাজ্য সরকার। 

    সরকারি নির্দেশিকা অনুযায়ী, যাদবপুর, রবীন্দ্রভারতী, কল্যাণী, কাজী নজরুল, গৌড়বঙ্গ, বর্ধমান-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে উচ্চশিক্ষা দপ্তরের প্রতিনিধিত্ব করবেন আইএএস ও ডব্লিউবিসিএস স্তরের আধিকারিকরা। 

    বিশ্ববিদ্যালয়ের নীতি-নির্ধারণ ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের বৈঠকে তাঁরা সরকারের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন। এই মনোনয়ন চার বছরের জন্য কার্যকর থাকবে, অথবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বহাল থাকবে।

    সূত্রের খবর, অতীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোর্ট ও এক্সিকিউটিভ কাউন্সিলে রাজনৈতিক দলের মনোনীত অধ্যাপক সংগঠনের সদস্যদের প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া হতো। নতুন ব্যবস্থায় সেই জায়গায় প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন সরকারি আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে।

    নির্দেশিকায় আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কোর্ট ও এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক সম্ভব হলে শনিবার অথবা কর্মদিবসের শেষভাগে আয়োজন করতে হবে। বৈঠকে যোগ দেওয়ার আগে সংশ্লিষ্ট আধিকারিকদের উচ্চশিক্ষা দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব এবং দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে। পাশাপাশি, বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু ও সিদ্ধান্ত সম্পর্কে দ্রুত লিখিত রিপোর্ট উচ্চশিক্ষা দপ্তরে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

    এই পদক্ষেপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে সরকারের সরাসরি প্রতিনিধিত্ব আরও সুসংহত হবে বলে প্রশাসনিক মহলের একাংশের অভিমত।
  • Link to this news (আজকাল)