বদ্রীনাথ মন্দিরে চুরির ঘটনায় মূল অভিযুক্তর বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা এবং রূপোর মূর্তি বলে দাবি করল পুলিশ। সেই সঙ্গেই ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে নেপালি মুদ্রা। ওই চুরির ঘটনায় বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির (BKTC) বরখাস্ত হওয়া পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রমোদ নটিয়াল (Pramod Nautiyal) নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন বলেও দাবি পুলিশের।
উদ্ধার মূল্যবান সামগ্রী
অযোধ্যার রাম মন্দিরের পরে উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দিরেও প্রণামী এবং দান চুরির অভিযোগ উঠেছে। এই চুরির ঘটনায় বরখাস্ত করা হয়েছে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রমোদ নটিয়াল-কে। তাঁকে গ্রেপ্তার করার পরে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এই ঘটনা তদন্তের জন্য গঠন করা হয়েছে বিশেষ তদন্ত দল (SIT)। পুলিশ হেফাজতে থাকার সময়ে তাঁর ঘর বিপুল পরিমাণ নগদ টাকা ও রূপোর সামগ্রী উদ্ধার করা হয়েছে। বদ্রীনাথ থানার আধিকারিক মহাদেব উনিয়াল (Mahadev Uniyal) জানিয়েছেন, প্রমোদ নটিয়ালকে চার দিনের জন্য পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছিল। সেই সময়েই বদ্রীনাথ ধামে তাঁকে দেওয়া সরকারি ঘর থেকে উদ্ধার হয়েছে একাধিক মূল্যবান সামগ্রী।
কী কী উদ্ধার করা হয়েছে?
পুলিশ সূত্রের খবর, প্রমোদ নটিয়ালের ঘর থেকে প্রচুর পরিমাণ রূপোর মুদ্রা, ছোট ছোট রূপোর মূর্তি, কচ্ছপ আকৃতির রূপোর স্মারক, নেপালি মুদ্রা (Nepalese Currency) এবং মোটা অঙ্কের নগদ টাকা উদ্ধার হয়েছে। এই জিনিসপত্রগুলি মন্দিরে আসা ভক্তদের দান করা প্রণামীর অংশ কি না তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মহাদেব উনিয়াল।
জেরায় অপরাধ স্বীকার
পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ এবং চুরির ঘটনা স্বীকার করে নিয়েছেন প্রমোদ নটিয়াল। তবে এই চুরির চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছেন কি না সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি প্রমোদ। বদ্রীনাথ থানার আধকারিক জানিয়েছেন, চার দিনের পুলিশ হেফাজত শেষ হওয়ার অভিযুক্তকে তোলা হয়েছিল বিশেষ আদালতে। ওই আদালত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। তবে ওই চার দিনে প্রমোদকে নিয়ে বিশেষ তদন্ত দল বিকেটিসি কার্যালয়। তাঁর দেরাদুনের বাড়ি এবং বদ্রীনাথে থাকার জায়গায় তল্লাশি চালিয়েছে। তাঁর নামে থাকা বিভিন্ন সম্পত্তির নথিপত্রও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
কড়া পদক্ষেপ করার আশ্বাস উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর
বদ্রীনাথ মন্দিরে চুরি ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। একাধিক স্তরে এই চুরির ঘটনার তদন্ত চলছে। উত্তরাখণ্ড সরকারের তৈরি একটি উচ্চপর্যায়ের কমিটি স্বাধীনভাবে এই চুরির তদন্ত চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে পুলিশের একটি বিশেষ দল এই ঘটনার তদন্ত করছে। তদন্ত করছে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটিও। ইতিমধ্যে ৪ সদস্যের অভ্যন্তরীণ কমিটি একটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে চেয়ারম্যানের কাছে।
উদ্ধার চুরি যাওয়া সোনার মুকুট
অন্য দিকে, বদ্রীনাথ ধামের ব্রহ্মর্ষি সাধনা সংঘ আশ্রমের মন্দির থেকে ভগবান নারায়ণের প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের রত্নখচিত সোনার মুকুট চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চামোলি পুলিশ। অভিযুক্তের কাছ থেকে চুরি যাওয়া সোনার মুকুট, নগদ সাড়ে ৪ হাজার টাকা এবং অপরাধের সময় ব্যবহৃত ব্যাগ উদ্ধার হয়েছে বলেও জানিয়েছে চামোলি পুলিশ।
এক নজরে
FAQ
বদ্রীনাথ মন্দিরে চুরির ঘটনায় কাকে গ্রেপ্তার করা হয়েছে?
ওই মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির বরখাস্ত হওয়া পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রমোদ নটিয়ালকে।
কী করা হয় তাঁকে?
চার দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় প্রমোদ নটিয়ালকে।
কী জানিয়েছে তিনি?
প্রমোদ নটিয়াল জিজ্ঞাসাবাদের নিজের অপরাধ স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।
তাঁর বাড়ি থেকে কী উদ্ধার হয়েছে?
প্রমোদ নটিয়ালের ঘর থেকে প্রচুর পরিমাণ রূপোর মুদ্রা, ছোট ছোট রূপোর মূর্তি, কচ্ছপ আকৃতির রূপোর স্মারক, নেপালি মুদ্রা এবং মোটা অঙ্কের নগদ টাকা উদ্ধার হয়েছে।
কে ঘটনার তদন্ত করছে?
একাধিক স্তরে এই চুরির ঘটনার তদন্ত চলছে। উত্তরাখণ্ড সরকারের তৈরি একটি উচ্চপর্যায়ের কমিটি স্বাধীনভাবে এই চুরির তদন্ত চালাচ্ছে। এই জন্য আলাদা করে বিশেষ তদন্ত দল গঠন করেছে পুলিশ।
কী জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী?
বদ্রীনাথ মন্দিরে চুরি ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।