সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু দুই স্কুল পড়ুয়ার। পুলিশ জানিয়েছে, রাস্তার ধারে স্টোনচিপস জড়ো করে রাখা ছিল। সেই স্টোনচিপস এড়িয়ে যেতে গিয়েই একটি ট্রাকের সঙ্গে স্কুটারের ধাক্কা লাগে। যার জেরেই ঘটে দুর্ঘটনা।
প্রবল বৃষ্টিতে কেরালায় তিন জনের মৃত্যু। একাধিক জেলায় ধস নেমেছে ইদুক্কি ও কোট্টায়ামে। একাধিক বাড়িতে ধস নেমে অনেকের আটকে থাকার আশঙ্কা। পাঠানামথিট্টা রান্নি শহর জলমগ্ন। বৃষ্টির কারণে লাল সতর্কতা জারি হয়েছে পাঠানামথিট্টা, কোট্টায়াম, ইদুক্কি, মালাপ্পুরম, কোঝিকোড, ওয়েনাড, কান্নুর এবং কাসারাগড় জেলায়।
পুলিশের জালে জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী। ধৃতের নাম অর্পিতা সরকার। শুক্রবার রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে বেঙ্গল STF গ্রেপ্তার করেছে অর্পিতাকে। বেঙ্গল STF-এর দাবি, জঙ্গি মডিউলের সঙ্গে হানিট্র্যাপ করে অপহরণের অ্যাসাইনমেন্ট নিত ধৃত।
জম্মু-কাশ্মীরের কুলগামে পরিযায়ী শ্রমিকদের উপর জঙ্গি হানায় মৃত বেড়ে ২। দুই শ্রমিক ছত্তিসগড়ের বাসিন্দা। দুজনেই ইটভাটায় কাজ করতেন। টার্গেট কিলিংয়ের দায় নিয়েছে লস্কর ই তৈবা। হামলাকারীদের সন্ধানে রাতভর তল্লাশি চালিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি হামলাকারীদের। জারি রয়েছে তল্লাশি অভিযান।
মরক্কো থেকে স্পেনের সিউটায় ঢুকতে গিয়ে অভিবাসীদের মৃত্যুর সংখ্য়া বেড়ে হয়েছে ৫৭। মরক্কো থেকে কমবেশি ৫০,০০০ অভিবাসী বৃহস্পতিবার স্পেনের সেউতায় ঢুকে পড়েন। সমুদ্রপথে ও স্পেনের সীমান্তের কাঁটাতারের বেড়া তাঁরা সিউটায় ঢুকে ছিলেন। প্রবল বিশৃঙ্খলায় এখনও পর্যন্ত ৫৭ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘটনাকে তাঁদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। শুক্রবার সিউটায় পৌঁছে সানচেজ বলেন, শহরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সব ধরনের ব্যবস্থা নেবেন। সানচেজ গণহারে সীমান্ত পেরিয়ে মরোক্কোর অভিবাসীদের সিউটায় ঢোকার জন্য মানব পাচারকারী মাফিয়াদের দায়ী করেছেন। অন্যদিকে, স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, সিউটায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ৪৮, হাজারের বেশি মানুষ স্বেচ্ছায় মরক্কোয় ফিরে গিয়েছেন।
সন্ত্রাসের ছায়া পশ্চিমবঙ্গে। রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স বর্ধমান থেকে গ্রেপ্তার করেছে হামিম মণ্ডলকে। গোয়েন্দাদের দাবি, ধৃতদের জেরা করতেই উঠে আসে সন্ত্রাসের বিষয়। সূত্রের খবর, হামিমের সঙ্গে যোগ মিলেছে পাকিস্তানের ‘কুখ্যাত’ গ্যাংস্টার শাহজ়াদ ভাট্টি এবং আজমল গুজ্জরের। তদন্তকারীদের দাবি, ঘটনায় যোগ রয়েছে শাহজ়াদের দোসর পাক গোয়েন্দা সংস্থা আইএসআই।
দীর্ঘ ১৯ বছর পরে কলকাতায় এসেছেন তসলিমা নাসরিন। আজ, শনিবার রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন তসলিমা। সূত্রের খবর, এ দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সকাল থেকেই আকাশ কখনও মেঘলা, কখনও রোদ ঝলমলে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহেও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে।