• রাস্তায় গাড়ি পার্ক করলেই ফাইন, আবর্জনা ফেললেও জরিমানা নেবে পুলিশ?
    এই সময় | ০১ আগস্ট ২০২৬
  • এই সময়: শহরকে পরিচ্ছন্ন রাখতে যত্রতত্র থুতু বা আবর্জনা ফেলে অপরিষ্কার করার ক্ষেত্রে ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে জরিমানা চালু করতে চলেছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। পার্কিং ব্যবস্থা স্বচ্ছ করতে ওই দিন থেকেই শুরু হবে নয়া নিয়ম। কিন্তু প্রশ্ন উঠেছে, শহরে জঞ্জাল ফেলে নোংরা করার জন্য পুর আইন মাফিক জরিমানা আদায় করবে কে? রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল শুক্রবার জানিয়েছেন, জরিমানা আদায়ের দায়িত্ব তাঁরা পুলিশের হাতে তুলে দিতে চান।

    তাঁর মতে, সাফাইকর্মীদের দিয়ে এটা কার্যকর করা যাবে না। পুলিশ বেআইনি গাড়ি পার্কিংয়ের জন্য জরিমানা আদায় করে। তাদেরই এই ধরনের জরিমানা আদায়ের পরিকাঠামো রয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি আলোচনা করবেন বলেও জানান অগ্নিমিত্রা।

    তিনি এও জানিয়েছেন, গ্যারাজ না থাকলে কেউ যদি বাড়ির সামনে গাড়ি পার্ক করেন, তার জন্যও জরিমানা আদায় করবে সংশ্লিষ্ট পুরসভা। পুরমন্ত্রী এ দিন কলকাতা ও হাওড়ার রাস্তায় বেআইনি পার্কিং নিয়ন্ত্রণ নিয়ে পুলিশ কমিশনার ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তাঁর কথায়, ‘বাণিজ্যিক গাড়ি হোক আর ব্যক্তিগত গাড়ি, রাতে রাস্তায় রাখতে হলে নাইট পার্কিং দিতে হবে। অপ্রয়োজনে রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্য বাণিজ্যিক গাড়ির জরিমানার পরিমাণও বাড়বে।’

    কলকাতা পুলিশের জন্য পার্কিং অ্যাপ তৈরি করা হচ্ছে, যার সাহায্যে পার্কিং ফি নেওয়া হবে। গাড়ি নিয়ে পথে বেরোলে পার্কিংয়ের জন্য জায়গা খুঁজতে হবে না। অ্যাপ থেকেই জেনে নেওয়া যাবে, কাছাকাছি কোন পার্কিং লটে জায়গা রয়েছে। অ্যাপের সাহায্যেই অনলাইনে পার্কিং ফি দেওয়া যাবে। কলকাতায় এমন ১৫ হাজার পার্কিং জ়োন চিহ্নিত করা হয়েছে বলে সূত্রের দাবি। সেগুলি পরিচালনার জন্য টেন্ডার ডাকা হচ্ছে। এর মধ্যে চার হাজার পার্কিং জ়োনে সাধারণ নাগরিকদের কাছ থেকে ফি আদায় হলেও পুরসভা তার টাকা পাচ্ছে না বলে অভিযোগ।

  • Link to this news (এই সময়)