• জনগণনা শুরু আজ থেকেই, কী ভাবে করবেন সেল্ফ-এনিউমারেশন?
    এই সময় | ০১ আগস্ট ২০২৬
  • এই সময়: তথ্যপ্রযুক্তিকে হাতিয়ার করে আজ, শনিবার থেকে শুরু হচ্ছে জনশুমারি। সাধারণ মানুষ চাইলে প্রথম ধাপে ‘সেল্ফ-এনিউমারেশন’ বা স্ব-শুমারি প্রক্রিয়া নিজেরাই সেরে ফেলতে পারবেন। যাতে নিজেদের তথ্য নিজেরাই নথিবদ্ধ করতে পারবেন তাঁরা। এর জন্য প্রথমে জনগণনা সম্পর্কিত পোর্টাল https://se.census.gov.in-এ লগ–ইন করতে হবে। ১৫ অগস্ট পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। তার পরের দিন থেকেই দ্বিতীয় দফায় শুরু হবে ‘ফিল্ড-এনিউমারেশন’। এই প্রক্রিয়া চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

    ‘সেল্ফ এনিউমারেশন’ প্রক্রিয়ায় বাড়িতে বসেই কোনও নাগরিক সংশ্লিষ্ট পোর্টালে লগ–ইন করে নিজের তথ্য, অর্থাৎ তিনি কোন রাজ্যের বাসিন্দা, বাড়ির কর্তা বা কর্ত্রীর নাম, মোবাইল নম্বর এবং ই–মেল আইডি জমা দেবেন। পরের ধাপে থাকছে পছন্দের ভাষা সিলেক্ট করার বিষয়। এগুলি ফিলআপ করার পরে আবেদনকারীর রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি যাবে।এরপরে ধাপে ধাপে দিতে হবে জেলা, পিন নম্বর, গ্রাম/শহর/এলাকার নাম। সম্পূর্ণ হলে একটি মানচিত্র দেখাবে। যেখানে নিজের বাড়ির অবস্থান দেখাতে পারবেন নাগরিক। এরপরে হাউস লিস্টিংয়ের তথ্য চাওয়া হবে। সেটি দেওয়ার পরে আসবে ‘প্রিভিউ স্ক্রিন’। যা থেকে আবেদনকারী দেখে নিতে পারবেন সব তথ্য ঠিকঠাক রয়েছে কি না। সব শেষে ‘ফাইনাল সাবমিট’ করতে হবে। অনলাইনে ফর্ম ফিলআপের পরে আবেদনকারীর কাছে একটি নির্দিষ্ট আইডি আসবে, যেটিকে সেভ করে রাখতে হবে অথবা ওই আইডি–র নম্বর লিখে রাখতে হবে।

    কলকাতায় সরকারি ও বেসরকারি স্কুলের ক্লাস এইট থেকে টুয়েলভ পর্যন্ত পড়ুয়াদের এই কাজে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পুর প্রশাসন চাইছে, এক জন পড়ুয়া অন্তত দশটি করে পরিবারকে জনগণনার তালিকায় অন্তর্ভুক্ত করার কাজ করুক মোবাইল ফোনে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে। শুক্রবার সাংবাদিক বৈঠকে কলকাতার পুর কমিশনার স্মিতা পান্ডে বলেন, ‘মোবাইল ফোনে অ্যাপ ব্যবহারে এখন পড়ুয়ারা অত্যন্ত দক্ষ। তাই তাঁরা এই কাজ নিখুঁত ভাবে করতে পারবে বলে আমরা আশা করছি।’ পাশাপাশি পুরকর্মীরাও এই কাজ করবেন। তাঁদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। কলকাতায় সাধারণ বাসিন্দাদের সাহায্য করার জন্য ১ অগস্ট থেকেই প্রতিটি বরো অফিসে পাঁচটি করে হেল্প ডেস্ক থাকবে। সেখানে সেন্সাসের কাজে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদেরও পাঁচটি করে দল থাকবে।

  • Link to this news (এই সময়)