জনগণার Self Enumeration শুরু হয়ে গিয়েছে, কোন পোর্টালে, কীভাবে তথ্য আপলোড করবেন?
আজ তক | ০১ আগস্ট ২০২৬
১ অগাস্ট শনিবার অর্থাৎ আজ থেকে শুরু হল জনগণনার সেলফ এনুমারেশন পদ্ধতি। এই প্রথম বার ভারতের জনগণনা হবে ডিজিটাল পদ্ধতিতে। ১৫ অগাস্ট পর্যন্ত অনলাইনে তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন এ রাজ্যের বাসিন্দারা। নিজের পরিবারের তথ্য নিজেরাই জমা দিতে পারবেন। ফলে জনগণনার পুরো প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করে তুলবে।
কীভাবে হবে এই সেলফ এনুমারেশন?
পরিবারের প্রধান অথবা তাঁর অনুমোদিত পরিবারের অন্য কোনও সদস্য এই পোর্টালে লগ-ইন করে বাড়ি ও পরিবারের প্রয়োজনীয় তথ্য নিজেই পূরণ করতে পারবেন।
জেনে নিন স্টেপ বাই স্টেপ গাইড
> https://se.census.gov.in পোর্টাল খুলতে হবে।
> নির্দিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল (UT) বেছে নিতে হবে।
> এরপর ক্যাপচা (Captcha) কোড ঠিকমতো পূরণ করতে হবে।
> পরিবার পিছু যে কোনও একজন ব্যক্তি সেলফ এনুমারেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
> পরিবারের প্রধানের নাম, মোবাইল নম্বর দিতে হবে। দেওয়া যেতে পারে ইমেল আইডিও (ঐচ্ছিক)।
> প্রতিটি পরিবারের জন্য কেবল একটিই মোবাইল নম্বর ব্যবহার করা যাবে। একবার একটি মোবাইল নম্বর নথিভুক্ত হয়ে গেলে, তা অন্য কোনও পরিবারের জন্য ব্যবহার করা যাবে না।
> পছন্দের ভাষা নির্বাচন করতে হবে।
> নথিভুক্ত বা রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP যাবে।
> যিনি সেলফ এনুমারেশন করবেন, তাঁর জেলা নির্বাচন করে পিন কোড লিখতে হবে। এলাকার নামও সঠিক ভাবে উল্লেখ করতে হবে।
> ডিজিটাল মানচিত্রে থাকা লাল মার্কার ড্র্যাগ করে বা সরাসরি ক্লিক করে নিজের বাড়ির উপর রেখে ঠিকানা ও অবস্থান নিশ্চিত করতে হবে।
> স্ক্রিনে টুলটিপ , FAQ এবং প্রয়োজনীয় নির্দেশ দেওয়া থাকবে। সেগুলি দেখে সব প্রশ্নের উত্তর ঠিকমতো দিতে হবে।
> প্রিভিউ স্ক্রিন আসবে, সেখানে যা যা তথ্য এখনও পর্যন্ত দিয়েছেন, সে গুলি ভাল করে যাচাই করতে হবে।
> তথ্য ঠিক থাকলে ফাইনাল সাবমিশন করতে পারেন। Confirm and Submit অপশন ক্লিক করলে তথ্য জমা হয়ে যাবে। একবার ফাইনাল সাবমিশন করে দিলে আর কোনও তথ্য সংশোধন করা যাবে না।
যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মনে রাখা জরুরি
> একটি পরিবারের জন্য মাত্র একটি মোবাইল নম্বর ব্যবহার করে লগ-ইন করা যাবে।
> একবার কোনও মোবাইল নম্বর Self Enumeration-এর জন্য রেজিস্টার্ড হলে, সেটি অন্য কোনও পরিবারের ক্ষেত্রে আর ব্যবহার করা যাবে না।
> রেজিস্ট্রেশনের পর পর পরিবারের প্রধানের নাম পরিবর্তন করা যাবে না।
> সমস্ত তথ্য পরিবারের প্রধানের পক্ষ থেকেই জমা দিতে হবে।
এরপরের ধাপ কী?
এরপর গৃহ তালিকা প্রস্তুতিকরণের প্রশ্নপত্র (Questionnaire) খুলবে। অধিকাংশ প্রশ্নই হবে বিকল্পভিত্তিক (Multiple Choice)। নাম লেখার জন্য থাকবে Phonetic ও Virtual Keyboard-এর সুবিধা। কোনও প্রশ্ন বুঝতে অসুবিধা হলে FAQ এবং Tooltip ব্যবহার করে প্রয়োজনীয় ব্যাখ্যা জানা যাবে। কোনও তথ্য অসম্পূর্ণ থাকলে সিস্টেম নিজেই সতর্ক করবে। সমস্ত তথ্য পূরণ করার পর সেগুলি ভালোভাবে Review করে প্রয়োজনে সংশোধন করা যাবে। চাইলে Draft হিসেবে সংরক্ষণ করা যাবে অথবা সরাসরি Submit করা যাবে।
সাবমিট করার পর কী হবে?
তথ্য সফলভাবে জমা দেওয়ার পর স্ক্রিনে ‘H’ অক্ষর দিয়ে শুরু হওয়া ১১ অঙ্কের একটি Self Enumeration ID (SEID) তৈরি হবে। একই সঙ্গে এই SEID SMS-এর মাধ্যমেও মোবাইলে পাঠানো হবে।
সর্বশেষ ধাপে বাড়িতে গণনাকারী বা এনুমারেটর আসবেন। তাঁকে SE ID দিতে হবে। যদি সেই ID সরকারের রেকর্ডের সঙ্গে মিলে যায়, তবে গণনাকারী আপনার তথ্যগুলো গ্রহণ করে নেবেন। কোনও কারণে ID না মিললে, গণনাকারী নতুন করে আপনার থেকে তথ্য সংগ্রহ করে অ্যাপে তুলবেন। এনিউমারেটর বা গণনাকারী বাড়ি বাড়ি যাওয়া শুরু করবেন ১৬ অগাস্ট থেকে। তাঁরা প্রথমে বাড়ি বাড়ি গিয়ে প্রতিটিতে নাম্বারিং করবেন। সেই নাম্বারিং ধরে সব তথ্য জোগাড় করবেন এবং অ্যাপে তুলবেন। এই কাজ চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।