• কলকাতায় এবার আরও রাত পর্যন্ত মিলবে বাস! আজ থেকেই চালু পরিষেবা, জেনে নিন রুট
    প্রতিদিন | ০১ আগস্ট ২০২৬
  • আজ থেকেই কলকাতার রাস্তায় আরও রাত পর্যন্ত বাস পরিষেবা পাবেন যাত্রীরা। পূর্ব ঘোষণা মতোই একাধিক রুটে বাসের সময় বাড়নো হচ্ছে। অর্থাৎ আজ রাত থেকেই অতিরিক্ত বাসের সুবিধা পাবেন যাত্রীরা। মূলত শহরের বিভিন্ন হাসপাতালের অবস্থানের কথা মাথায় রেখেই রুটগুলি বিবেচনা করা হয়েছে। রোগী বা রোগীর পরিজনদের সুবিধার্থেই এই উদ্যোগ বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। সূত্রের খবর, একাধিক বাসের শেষ ট্রিপ রাত ১০টায় ছাড়া হবে।

    মূলত যে সব রুটে বেশি রাত পর্যন্ত বাস পাওয়া যাবে, সেই বাসগুলি মেডিক্যাল কলেজ, এসএসকেএম, আর.জি. কর, চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল, এনআরএস, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, আর এন টেগোর, অ্যাপোলো, টাটা মেডিক্যাল সেন্টার, ফোর্টিস, মেডিকা, পিয়ারলেস-সহ একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালের সামনে দিয়ে চলে। এছাড়াএ হাওড়া স্টেশন, ডানলপ, রাজাবাজার, উল্টোডাঙা ও বারাসত থেকে বিমানবন্দর, বারাকপুর, গড়িয়া, বালিগঞ্জ, মৌড়িগ্রাম, ইকো স্পেস এবং কামালগাজির উদ্দেশেও বাস চলবে ১ আগস্ট থেকেই।

    পরিবহণ দপ্তরের কর্তারা জানিয়েছেন, প্রতিদিনই শ’য়ে শ’য়ে রোগী রাতের দিকে বিভিন্ন জেলা থেকে ট্রেনে চড়ে হাওড়া বা শিয়ালদহ স্টেশনে নামেন। সেখানে থেকে রাতেই তাঁরা হাসপাতালে পৌঁছন। কেউ ভর্তির জন্য আসেন। কেউ আবার ডাক্তার দেখাতে। যাতে ভোর হতেই আউটডোর টিকিটের লাইনে দাঁড়াতে পারেন, তাই তাঁরা রাতেই চলে আসেন। কিন্তু ট্রেন থেকে নেমে এতদিন তাঁরা সরাসরি হাসপাতাল যাওয়ার জন্য বাস পেতেন না। দীর্ঘদিন ধরেই এই অভিযোগ আসছিল। তাই পরিবহণ নিগমের তরফে ট্রেনের সময় দেখে বাসের টাইম ঠিক করা হয়েছে। তবে এর মধ্যেই রাতে এক ঘণ্টা বেড়েছে মেট্রোর সময়। রাতের শিফটে কর্মরত মানুষ, হাসপাতালের কর্মী, অফিসযাত্রী, ছাত্র-ছাত্রী কিংবা দূরপাল্লার ট্রেন থেকে রাত করে ফেরা যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই বাস পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত।
  • Link to this news (প্রতিদিন)