• গুলি চলেনি বলা কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস, রামমন্দির কাণ্ডে পথনাটিকা, শাহের জবাব চেয়ে অনড় বিরোধীরা
    বর্তমান | ০১ আগস্ট ২০২৬
  • সন্দীপ স্বর্ণকার,  নয়াদিল্লি: রাম মন্দিরের প্রণামি চুরি আর প্রশ্ন ফাঁসের বিরোধিতায় আন্দোলনকারীদের উপর পুলিশের হামলা—এই দুই ইস্যুতে শুক্রবারও সংসদে সম্মিলিতভাবে সোচ্চার হল বিরোধীরা। গত ২০ জুলাই ছাত্র-যুব বিক্ষোভে নির্মম লাঠিচার্জ, পেলেট গান ছোড়ার মতো ঘটনার পর থেকে অমিত শাহ সভায় গরহাজির। দেখা নেই প্রধানমন্ত্রীরও। অথচ উভয়েই সংসদে আসছেন, নিজেদের অফিসে বসছেন। কিন্তু সভাকক্ষে আসছেন না। যদিও অমিত শাহের জবাবদিহির দাবিতে অনড় বিরোধীরাও। স্রেফ অমিত শাহকে আক্রমণ নয়, প্রশ্ন ফাঁস বিলের জবাবি ভাষণে সংসদকে বিভ্রান্ত করার অভিযোগও এদিন তুলেছে কংগ্রেস। সেটিকে সামনে রেখেই কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের বিরুদ্ধে ‘স্বাধিকার ভঙ্গে’র নোটিস দিয়েছেন রাহুল গান্ধীর দলের সাংসদ কে সি বেণুগোপাল। তাঁর প্রশ্ন, ছাত্র আন্দোলনে গুলিই চলেনি একথা মন্ত্রী কেন বলেছেন? বিরোধীদের হট্টগোলের জেরে প্রশ্নোত্তর পর্ব তো বটেই, সভার কাজ ক্ষণে ক্ষণে বাতিল করে দিতে বাধ্য হলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। যদিও তারই মধ্যে ঘড়ি ধরে দু মিনিটে বিন্দুমাত্র আলোচনা ছাড়াই হট্টগোলেই লোকসভায় পাশ হয়ে গেল জন্ম-মৃত্যুর রেজিস্ট্রেশন সংক্রান্ত সংশোধনী বিল। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে প্রতিবাদ বিক্ষোভ আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে মোদিবিরোধী মহাজোট ‘ইন্ডিয়া’।  

    লোকসভার অন্দরে ওয়েলে নেমে চেনা বিক্ষোভের বাইরেও এদিন সংসদ চত্বরে দেখা গেল অভিনব দৃশ্য। পথনাটিকার আঙ্গিকে চলল রামমন্দিরে চুরি কাণ্ডের প্রতিবাদ। বিহারের লোকসভার নির্দল সাংসদ রাজেশ রঞ্জন (যাকে সবাই পাপ্পু যাদব নামে চেনে) সাজলেন পুরোহিত। গেরুয়া বসন, গলায় রদ্রাক্ষের মালা, কপালে চন্দনের পোঁচ, মাথায় পাগড়ি। হাতে রামলালার ছবি। মকর দ্বারের সামনে তিনটি প্রণামি বাক্স নিয়ে মাটিতে বসে পড়লেন তিনি। তাঁকে দেখে প্রণামি বাক্সে টাকা দিতে এগিয়ে এলেন রাহুল গান্ধী। একে একে অন্যরা। কিন্তু প্রণামি বাক্সে নয়। পাপ্পু যাদব তা ছিনিয়ে নিয়ে পুরলেন নিজের পকেটে। সঙ্গে সঙ্গে স্লোগান উঠল, ‘চান্দা চোর/গদ্দি ছোড়।’ পাশেই ফেস্টুনে লেখা, ‘অমিত শাহ গায়েব কিঁউ?’ সেখানে হাজির ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, সাগরিকা ঘোষ, ডিম্পল যাদব, অরবিন্দ সওয়ান্তের মতো সাংসদরা। পথনাটিকার আঙ্গিকে প্রতীকী প্রতিবাদ দৃষ্টি আকর্ষণ করেছিল সকলের। যদিও বিজেপি সাংসদরা দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যান সংসদের ভিতরে।
  • Link to this news (বর্তমান)