কুকথা: ‘ক্ষমা করে দিলাম’, জেন জি’কে বার্তা প্রধানমন্ত্রীর
বর্তমান | ০১ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যন্তরমন্তরে জেন জি’র বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কুকথার অভিযোগ উঠেছে। এনিয়ে বারবার সরব হয়েছে বিজেপি শিবির। এবার মুখ খুললেন স্বয়ং প্রধানমন্ত্রী। শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। সেখানে মোদি বলেন, বিক্ষোভকারীদের মধ্যে দুষ্টু ছেলেমেয়েরা খুব খারাপ অশালীন ভাষা বলেছে। আমার সম্পর্কেও অনেক অকথ্য শব্দ ব্যবহার করেছে। গোটা দেশবাসীর কাছে এ যেন এক কালচারাল শক। বাচ্চাদের মুখে এত খারাপ ভাষা! এরা বিপথগামী। কিন্তু, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার আমি বিরোধী। সবাইকে ক্ষমা করে দিলাম। আমি তোমাদের জন্যই তো বাঁচি। এসো একসঙ্গে দেশ গড়ার কাজে এগিয়ে যাই।
প্রসঙ্গত, যন্তরমন্তরে যাঁরা অশালীন ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, তাঁদের চিহ্নিত করে একে একে এফআইআর দায়ের করছে দিল্লি পুলিশ। নয়ডার এক তরুণীর মাথায় ঝুলছে গ্রেপ্তারির খাঁড়া। যা নিয়ে সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ বিরোধীরা। আর তারই মধ্যে শুক্রবার রাতে মোদির এই ভিডিয়ো বার্তা। তথ্যাভিজ্ঞ মহলের মতে, দিল্লি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। সেক্ষেত্রে প্রশ্ন হল, তারা এই এফআইআর করছে, এটা কি স্বরাষ্ট্রমন্ত্রী জানতেন না? অথবা তাঁর অনুমতি ছাড়াই হয়েছে? আবার মোদি সেই ব্যবস্থার বিরুদ্ধে বললেন কেন? বিরোধীদের অভিযোগ ,এই সবই চিত্রনাট্য। পুলিশ আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর করবে। আর মোদি রাতে এসে বলবেন আমি ক্ষমা করে দিলাম। আমরা এই ছেলেমেয়েদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে নই। আসলে সবটাই মোদির ইমেজ বিল্ডিং। উল্লেখ্য, শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর পৃথকভাবে মোদি এবং অমিত শাহের দীর্ঘ বৈঠক হয়। তারপর রাতেই এই রিল।