• ‘লজ্জায় নিজের দিকে তাকাতে পারছি না’, মোদিকে কুকথায় ক্ষমা চাইলেন সেই মহিলা আন্দোলনকারী
    বর্তমান | ০১ আগস্ট ২০২৬
  • নয়াদিল্লি, ১ আগস্ট: গতকাল রাতে ক্ষমা করার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার  ভিডিও পোস্ট করে ক্ষমা চাইলেন রুচিকা সিং। যন্তরমন্তরে ককরোচ সিজেপি আন্দোলন চলাকালীন প্রধানমন্ত্রী সম্পর্কে ‘কুকথা’ বলার অভিযোগ উঠেছে যাঁর বিরুদ্ধে। দায়ের হয়েছে এফআইআর।

    নয়ডার বাসিন্দা রুচিকা হাত জড়ো করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘আমার বয়স মাত্র ১৫ বছর। ওদের প্রভাবে এই সব কথা বলেছি। আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। আমি অনেক খারাপ কথা বলেছি।’

    এটিকে নিজের ‘প্রথম ও শেষ ভুল’ আখ্যা দিয়ে রুচিকা আরও বলেন, ‘গোটা দেশের কাছে ক্ষমা চাইছি। আমি চূড়ান্ত লজ্জিত। নিজের দিকে তাকাতেও পারছি না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন।’ ভাইরাল হওয়া এই ভিডিও অবশ্য যাচাই করেনি বর্তমান।

    ঘটনার সূত্রপাত ২৩ জুলাই। প্রশ্নফাঁস ইস্যুতে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে দিল্লিতে জোরদার আন্দোলন চালাচ্ছেন ছাত্র-যুবরা। অভিযোগ, ওইদিন প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অশ্লীল মন্তব্য করেন রুচিকা। সেই ভিডিও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। শুরু হয় যার জেরে দিল্লি পুলিশের তৎপরতা।

    কুকথা বিতর্কে গতকাল রাতেই মুখ খোলেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে তিনি বলেন, ‘বাচ্চাদের মুখে এত খারাপ ভাষা! এরা বিপথগামী। কিন্তু, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার আমি বিরোধী। সবাইকে ক্ষমা করে দিলাম।’
  • Link to this news (বর্তমান)