নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা এসেছে। তিনি ঠিকমতো পুরসভায় আসছেন না। যার জেরে বেহাল পরিস্থিতি জলপাইগুড়ি শহরের। যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন তাঁরা।
বৃষ্টিতে জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা। পুরাতন পুলিশ লাইন, কদমতলা, তিন নম্বর ঘুমটি, স্টেশন রোড, বেগুনটারি সহ বিভিন্ন রাস্তায় জল। যাতায়াত করতে পারছেন না পথচারীরা। এর মধ্যে মেখলিগঞ্জে তিস্তায় অসংরক্ষিত এলাকায় জারি হলুদ সংকেত। তাতে সিঁদুরে মেঘ দেখছে সাধারণ মানুষ। গজলডোবা ও কালীঝোরা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে বলে সেচ দপ্তরের কন্ট্রোল রুম সূত্রে খবর। এই পরিস্থিতিতে পুর প্রশাসন হাত গুটিয়ে বসে থাকলে সাধারণ মানুষের আরও দুর্ভোগ বাড়বে।
ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। মরিয়া চেষ্টা চালিয়েও নিজের শিবিরে রাখতে পারছেন না দলের কাউন্সিলারদের। যদিওবা কয়েকজন কাউন্সিলার তাঁর পক্ষে ছিলেন, পুরসভায় চেয়ারম্যানের চেম্বারে ঢুকে বাসিন্দারের ডিম থেরাপির পর ওইসব কাউন্সিলাররাও একে একে সৈকতের পাশ থেকে সরতে শুরু করেছেন। নাম লেখাচ্ছেন অনাস্থার পক্ষের শিবিরে। ফলে এখন চেয়ারম্যানের ইস্তফা দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। এমনই মত রাজনৈতিক মহলের।