• কংগ্রেস থেকে বহিষ্কৃত ভিক্টরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চর্চা
    বর্তমান | ০১ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, ইসলামপুর: চাকুলিয়ার কংগ্রেস নেতা আলি ইমরান রমজ ওরফে ভিক্টর দল থেকে বহিষ্কার হতেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু হয়েছে উত্তর দিনাজপুর জেলা জুড়ে। দল বিরোধী কাজের অভিযোগে গত সোমবার ভিক্টরকে বহিষ্কার করেছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বাধীন কমিটি। তবে প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী ভিক্টরের পক্ষে সাওয়াল করেছেন। কিন্তু তাতে কিছু হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এই পরিস্থিতিতে ভিক্টরের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে, তা উঠে এসেছে চর্চার কেন্দ্রবিন্দুতে। 

    রাজনৈতিক মহলের আলোচনা, ভিক্টরের বাবা প্রয়াত রমজান আলি ১৯৭৭ থেকে চার বার ফরওয়ার্ড ব্লক দলের বিধায়ক ছিলেন। পরে তাঁর ভাই হাফিজ আলম সাইরানি বিধায়ক ছিলেন। কাকার হাত ধরে ভিক্টরও ফব দলের হয়ে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ২০২২ সালে ভিক্টর ফব ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। বহিষ্কারের সিদ্ধান্ত যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে রাজনীতির ময়দানে টিকে থাকতে হলে কোন দলের ছত্রছায়ায় ঠাঁই নেবেন এমন প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।  বাম দল থেকে কংগ্রেসে আসা ভিক্টর কি ফের বামে ফিরতে পারেন? নাকি তৃণমূল কিংবা বিজেপি? রাজনৈতিক মহলের একাংশ বলছে, বামে ফেরা হয়ত হবে না। তৃণমূল দলের বর্তমান অবস্থাও ডুবন্ত নৌকার মতো। সংখ্যালঘু এলাকা এবং সংখ্যলঘু মুখ হওয়াতে বিজেপিও জুতসই হবে না।

    ভিক্টর বলেন, আমি সবসময় জনগণের জন্য লড়াই করেছি। কংগ্রেস দলে না থাকলেও জনগণের সঙ্গে থাকব। কোন দলে থেকে জনগণের জন্য লড়াই করবেন? এই প্রসঙ্গে ভিক্টর বলেন, এই বিষয়ে পরে সিদ্ধান্ত হবে। 
  • Link to this news (বর্তমান)