নিজস্ব প্রতিনিধি, বরানগর: বৃহস্পতিবার কুকুরের কামড়ে জখম হয়েছিল এক পড়ুয়া। তার জেরে শুক্রবার স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল রহড়া ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লসের প্রাথমিক বিভাগ। অভিভাবকদের অভিযোগ, স্কুলের পরিকাঠামো বেহাল এবং নিরাপত্তাহীন। তার জেরে এমন ঘটনা ঘটেছে। অভিযোগ, বৃহস্পতিবার শৌচাগারে যাওয়ার সময় এক ছাত্রী হোঁচট খেয়ে পড়ে যায়। সেই সময় স্কুল চত্বরে ঘুরে বেড়ানো একটি কুকুর তাকে কামড়ে ও আঁচড়ে জখম করে। পরিবারের দাবি, ঘটনার পর স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হয়নি। বরং, অভিযোগ জানাতে গেলে তাঁদের নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে। বিক্ষুব্ধ অভিভাবকদের অভিযোগ, স্কুলে দীর্ঘদিন ধরেই ভবঘুরে কুকুরের উপদ্রব রয়েছে।