• কেরলে কাজ করতে গিয়ে মৃত কাকদ্বীপের মৎস্যজীবী
    বর্তমান | ০১ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, কাকদ্বীপ: কেরালায় কাজ করতে গিয়ে মৃত্যু হল কাকদ্বীপের এক মৎস্যজীবীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুজিত দাস (৩৫)। বাড়ি কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের কাক-কালীনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুজিতবাবু ২৫ জুলাই কাজের জন্য কেরালায় গিয়েছিলেন। তিনদিন পর সেখানে তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছায়। সুজিতবাবুর পরিবারের অভিযোগ, ২৭ জুলাই তিনি কেরালার কল্লোম হারবারে রাত্রিবেলায় ঘুমিয়ে ছিলেন। সেই সময় কতিপয় দুষ্কৃতী এসে তাঁকে ও তাঁর সহকর্মীদের আক্রমণ করে। তাঁদের প্রচণ্ড মারধর করা হয়। সুজিতবাবু গুরুতর আহত হন। সেই সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে পল্লিপুরম হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের দাদা রবিরাম দাস বলেন, ‘কেন সেদিন ভাইয়ের উপর আক্রমণ করা হল, জানি না। কারা এই ঘটনা ঘটিয়েছে, সে সম্বন্ধেও কিছু জানা নেই। প্রশাসনের বিভিন্ন দপ্তরে সঠিক তদন্তের জন্য আবেদন জানিয়েছি।’
  • Link to this news (বর্তমান)