• নিট রেজাল্টের ভুয়ো নথি দিয়ে মামলা, হাইকোর্টের রোষের মুখে পরীক্ষার্থীরা
    বর্তমান | ০১ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিট পরীক্ষার ফলাফলে কারচুপির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন একাধিক পরীক্ষার্থী। কিন্তু শেষমেশ দেখা গেল মিথ্যা নথি দিয়ে সেই মামলা দায়ের হয়েছে। বিষয়টি জানার পরই ওই পরীক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে বলল হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, এনটিএ চাইলে কারচুপিতে অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে আইন মেনে পদক্ষেপ করতে পারবে।

    নিটে এনটিএ কম নম্বর দিয়েছে, এই অভিযোগ করে হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়। অভিযোগের প্রেক্ষিতে এনটিএ-র কাছে রিপোর্ট তলব করেছিল আদালত। সেই রিপোর্ট আসার পর দেখা যায়, নকল ওএমআর শিট দেখিয়ে মামলাগুলি দায়ের হয়েছে। আদালতের কাছে প্রকৃত নম্বর গোপন করে নথি কারচুপি করেছেন মামলাকারীরা। রিপোর্টে উল্লেখ ছিল, একজন পরীক্ষার্থী তিনটি আলাদা ফলাফল জমা দিয়ে মামলা করেছেন। এনটিএ-র আইনজীবী জানান, সংশ্লিষ্ট মামলাকারীর জমা দেওয়া সমস্ত নথিই জাল এবং বিকৃত। 

    এনটিএ জানিয়েছে, ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আগামী তিনবছর পরীক্ষায় বসতে পারবেন না। আরেক পরীক্ষার্থীর দাবি ছিল, ফলে ৩৭০ নম্বরের হেরফের করেছে এনটিএ। সেটিও ‘জাল’ বলে জানিয়েছে তারা। বিচারপতি জানিয়েছেন, ‘জাল নথি দিয়ে আদালতকেও প্রতারিত করার চেষ্টা করা হয়েছে।’ 

    মামলাগুলি খারিজ করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। মামলাকারী পরীক্ষার্থীদের এমন কাজে বিপাকে পড়েছেন তাঁদের আইনজীবীরাও। অনেক আইনজীবী মামলায় সওয়াল করছেন না। ওইসব মামলা প্রত্যাহারই করে নিচ্ছেন তাঁরা।
  • Link to this news (বর্তমান)